পদ্মায় অর্থায়ন প্রধানমন্ত্রী ২ মার্চ নিশ্চিত করবেন: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ সরকারের মেয়াদে পদ্মা সেতুর মূল কাজ শুরু করা হবে। কখন, কীভাবে, কোন কাজ করা হবে এবং কোথা থেকে অর্থ আসবে, তা প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন। আগামী ২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু এলাকায় নদীর তীর রক্ষা প্রকল্প উদ্বোধন করে বিষয়টি নিশ্চিত করবেন।যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় নদীর তীর রক্ষা কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মার ঢেউয়ের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মনে সেতুর জন্য ঢেউ সৃষ্টি হয়েছে। বিষয়টি আমরা উপলব্ধি করছি। সেতু নির্মাণ করতে সাড়ে চার থেকে পাঁচ বছর সময় লাগবে। ধারাবাহিকভাবে কাজগুলো করা হবে। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের যে পরিমাণ অর্থ দেওয়ার কথা ছিল, প্রতিষ্ঠানটি সে পরিমাণ অর্থ যেন বাংলাদেশের অন্য প্রকল্পে বিনিয়োগ করে—সে ব্যাপারে কথা বলার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্ করবেন।’এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বি এম মোজাম্মেল হক, আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এনামুল হক শামিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সি ও সাধারণ সম্পাদক অনল কুমার দে, সেতু বিভাগের সচিব আনোয়ারুল ইসলাম, প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।