পদ্মায় গোসল করতে গিয়ে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে তিন ভাইয়ের তিনটি মেয়েশিশু মারা গেছে। তারা হলো, তারা মোল্লার মেয়ে রানী খাতুন (৭), বাক্কার মোল্লার মেয়ে সুমাইয়া খাতুন (৯) ও লালন মোল্লার মেয়ে পপি খাতুন (১০)। তাদের বাড়ি উপজেলার চকরাজাপুর গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, বাক্কার মোল্লার বড় মেয়ে তানিয়া (১০) তার অপর তিন বোনকে সঙ্গে নিয়ে আজ বুধবার দুপুর দুইটার দিকে পদ্মা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। এদের মধ্যে শুধু তানিয়া সাঁতার জানত। এ সময় তার চিত্কার শুনে ঘাটে থাকা লোকজন প্রথমে তানিয়াকে উদ্ধার করে। পরে অপর তিন শিশুকে খোঁজা শুরু হয়। বিকেল সাড়ে তিনটার দিকে ওই তিন শিশুকে উদ্ধার করা হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তিনজনকেই মৃত ঘোষণা করেন। তিনটি শিশুর মৃত্যুর ঘটনায় পুরো গ্রামে শোক নেমে এসেছে। বাঘা থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বলেন, নদীতে ডুবে তিনটি শিশু মৃত্যুর ঘটনা সন্ধ্যা ছয়টা পর্যন্ত পুলিশকে জানানো হয়নি।