পদ্মায় নৌকাডুবি, তিনজনের লাশ উদ্ধার
রাজশাহীর চারঘাটে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে আজ সোমবার দুই শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার নৌকাডুবির এ ঘটনা ঘটে।নিহত তিনজন হলেন: চারঘাট উপজেলার গোড় শহরপুর গ্রামের রফিকুল ইসলাম (৬৫), মোক্তারপুর গ্রামের দুই ভাইবোন মুক্তি (১৩) ও আশিক (১১)। মোক্তারপুর গ্রামের আরেক শিশু তুরিন (৮) এখনো নিখোঁজ রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলা নতুন বছর উপলক্ষে গতকাল রোববার পদ্মায় ভ্রমণ শেষে ফেরার পথে সন্ধ্যার দিকে মাঝ নদীতে বেশ কয়েকজন যাত্রী নিয়ে ছোট একটি নৌকা ডুবে যায়। অনেকেই সাঁতরে তীরে ওঠেন। আজ সকালে দুই শিশুসহ তিনজনের লাশ নদীতে ভেসে ওঠে। স্থানীয় লোকজনের সহায়তার পুলিশ এসব লাশ উদ্ধার করে।চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম প্রথম আলো ডটকমকে বলেন, দুপুর পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর শিশুর লাশ এখনো পাওয়া যায়নি।