পদ্মার গর্ভে বসতবাড়ি ও জমি
বর্ষা মৌসুম শুরু হওয়ার পর ফরিদপুরে শুরু হয়েছে নদীভাঙন। এর মধ্যে চরভদ্রাসন উপজেলার দুটি গ্রামে পদ্মার ভাঙনে ৩০টি বসতবাড়ি ও ৬০ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। গ্রাম গুলো হচ্ছে গাজীরটেক ইউনিয়নের মধু ফকিরের ডাঙ্গি ও জয়দেব সরকারের ডাঙ্গি গ্রাম।ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক বলেন, গত শনিবার থেকে নদীর ভাঙন শুরু হলে পরিবারগুলো সরে যায়। তবে তাদের ৩০টির মতো বসতভিটা ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। ওই এলাকার ৬০ একর ফসলি জমিও নদীগর্ভে বিলীন হয়। ভাঙন রোধে এখনই পদক্ষেপ নেওয়া না হলে ওই গ্রাম দুটি নিশ্চিহ্ন হয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আ. মতিন সরকার বলেন, বর্তমানে যেখানে ভাঙন চলছে, সেখানে দুই কিলোমিটার অংশে নদীর তীর সংরক্ষণের কাজ করতে ৬৫ কোটি টাকার একটি প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে। প্রস্তাবটি অনুমোদন করা হলে চরভদ্রাসনের ভাঙন-কবলিত এলাকায় কাজ করা সম্ভব হবে।