পদ্মার পেটে ৩০ বাড়ি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূলে পদ্মা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত তিন দিনে ৩০টি বাড়ি ও ২০টি দোকান বিলীন হয়েছে নদীগর্ভে। ভাঙনে আরও অনেক ঘরবাড়ি ও স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙনের সঙ্গে পাল্লা দিয়ে ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে মানুষ। গতকাল ভাঙনকবলিত এলাকায় গিয়ে জানা যায়, তিন দিনের ভাঙনে ভাগ্যকূল বাজারের খালেক বেপারীর তেলের দোকান, সুলতান গাজীর কাঠের দোকান, অনিল দাস ও বাবুল দাসের হার্ডওয়্যারের দোকান, রহিম সিকদার ও জগন্নাথ সাহার গুদাম, সুমন সিকদারের ভুসির দোকান, নবীন খান ও রুহুল আমীনের ওয়ার্কশপ, রিপন দাসের মুদি দোকানসহ ২০টি দোকান নদীতে বিলীন হয়েছে। ভাগ্যকূল বাজার বিলীন হলে হুমকির মুখে পড়বে শতাধিক বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভাগ্যকূল হরেন্দ্রলাল উচ্চবিদ্যালয় ও ভাগ্যকুল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রশিক্ষণ কেন্দ্রসহ শতাধিক প্রতিষ্ঠান। ভাগ্যকূল গ্রামের সিরাজ শেখ, নুরু ভূঁইয়া, ইমান্দি শেখ, মোসলেম শেখ, খালেক শেখ, ননী গোপাল ভট্টাচার্য, শান্তি সাহা, কাশেম ভূঁইয়া, স্বপন মাল ও রঞ্জন মালোর বাড়িসহ প্রায় ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এলাকাবাসী জানান, গোবিন্দ দে, মদন দে ও জবেদ আলী মুন্সির বাড়িসহ প্রায় ৫০টি বাড়ি এখন ভাঙনকবলিত। গতকাল সকাল ১০টায় গিয়ে দেখা যায়, জাবেদ আলী মুন্সির পাকা বাড়ির একাংশ নদীগর্ভে চলে গেছে। ঘরের মালামাল ও বাড়ির গাছপালা কেটে সরিয়ে নেওয়া হচ্ছে। ভাঙনের সঙ্গে পাল্লা দিয়ে এসব সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন মজুরেরা। বাড়ির লোকজনের বিমর্ষ চেহারায় আতঙ্কের ছাপ। কারও সঙ্গে কথা বলার মতো মনের অবস্থা নেই কারও। ভাগ্যকূল বাজার ও আশপাশে ছড়িয়ে আছে ভাঙনের চিহ্ন। কোথাও ভাঙা বাড়ির টিন-কাঠসহ নির্মাণ উপকরণ স্তূপ করে রাখা হয়েছে। কোথাও ব্যস্ততার সঙ্গে লোকজন দোকানের অবকাঠামো ও মালামাল সরিয়ে নিচ্ছে। সর্বস্ব হারিয়ে আহাজারি করছেন অনেকে। ভাঙনের শিকার নান্দু হাওলাদার বলেন, ‘আমার সব শেষ হইয়া গেছে। দুই দিন আগে আমার বাড়ি ভাইঙ্গা লইয়া গেছে পদ্মায়। এহন ঘরের মালমাল দূরে সরাইয়া রাখছি। বউ-পোলাপান কাছেই এক আত্মীয়ের বাড়িতে আছে। সরকার থিকা এহনও আমাগো কোনো সহায়তা দেয় নাই।’ভাঙনের মুখে থাকা গোবিন্দ দে বলেন, ‘পদ্মার স্রোতের তোড়ে এখন নদীর পাড় যেইভাবে ভাঙতাছে, এতে আইজ-কাইলের মাধ্যে আমাগো বাড়ি ভাইঙ্গা যাইব। এই ডরে এহন রাইতে ঘুম হয় না। বাড়িঘর ভাইঙ্গা গেলে বউ-পোলাপান লইয়া যে কই উঠমু, ভাইবা পাই না। সরকার থিকা ভাঙন ঠেকাইতে কোনো উদ্যোগ না নিলে গোটা ভাগ্যকূলই বিলীন হইয়া যাইব।’ এলাকাবাসীর অভিযোগ, নদীর ভাঙন রোধে প্রশাসন থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত বছর ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য যে টিন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, তা পড়ে আছে গুদামে। ভাঙনে ঘরবাড়ি হারানো লোকজনের মধ্যে এসব টিন বিতরণ করলে তারা কিছুটা হলেও উপকৃত হবে।শ্রীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল লতিফ বলেন, ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার ব্যাপারে এর মধ্যে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেছি। ক্ষতিগ্রস্তদের মধ্যে অচিরেই ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। গুদামে পড়ে থাকা টিন প্রসঙ্গে তিনি বলেন, গত বছর ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে অভিযোগ ওঠায় ওই টিন বিতরণ করা যায়নি। এবার সঠিক তালিকা অনুযায়ী শিগগিরই এই টিন বিতরণ করা হবে। মুন্সিগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত মাসে ভাঙন শুরু হলে একবার বাঁশ ও বালুর বস্তা ফেলে তা রোধ করা হয়। তিনি জানান, ভাঙন রোধে ওই এলাকায় প্রায় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি মন্ত্রণালয়ে আছে। মন্ত্রণালয় এখন জরিপ করে দেখবে, এতে কত টাকা ব্যয় হতে পারে। এরপর তারা এ ব্যাপারে অনুমোদন দেবে। গত শুক্রবার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সুকুমার রঞ্জন ঘোষ। প্রথম আলোকে তিনি বলেন, এ ব্যাপারে শিগগিরই ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন। ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার বিষয়টি তুলে ধরবেন। সাংসদ জানান, স্থায়ীভাবে ভাঙনরোধে বাগরা থেকে কবুতরখোলা পর্যন্ত ৩২৬ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বাঁধ নির্মাণ হলে ওই এলাকার ভাঙন ঠেকানো সম্ভব হবে।