পদ্মার প্যাকেজ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী : ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। সেতুর তীর রক্ষণাবেক্ষণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় পদ্মা সেতুর নকশায় পরিবর্তন হবে। ২৮ ফেব্রুয়ারি পদ্মাতীর রক্ষণাবেক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে পরিবর্তিত নকশা ও পদ্মা সেতু নির্মাণের প্যাকেজ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের এলেঙ্গায় ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ উদ্বোধনকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান ৩০টি প্রকল্পের কাজেও কোনো ব্যাঘাত ঘটবে না। যোগাযোগমন্ত্রী বলেন, আগামী অক্টোবর থেকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার রাস্তা চার লেনে উন্নীত করার কাজ শুরু হবে। এই কাজে অর্থায়ন করবে এডিবি।এলেঙ্গা বাসস্ট্যান্ডের সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগাযোগসচিব এম এ এন সিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শওকত আলী, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলামসহ যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।