পদ্মার বুকে পাঠান স্থাপত্যের নিদর্শন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীর মাঝখানে প্রাচীন একটি স্থাপত্য কীর্তির নিদর্শন জেগে উঠেছে। গত দুই দিনে পানি কমে এর দুটি গম্বুজের অংশবিশেষ জেগে ওঠে। স্থানীয় লোকজন ডুব দিয়ে ওই স্থাপনার ভেতর থেকে মানুষের মাথার খুলি, হাড়গোড়, দরজা-জানালার কাঠ ও বিভিন্ন তৈজসপত্র উদ্ধার করেছে। এসব জিনিস দেখতে কয়েক দিন ধরে বাঘার চকরাজাপুর গ্রামে ভিড় করছে হাজার হাজার মানুষ। স্থাপনার ইটের আকৃতি দেখে ইতিহাসবিদেরা বলছেন, পাঠান জায়গিরদার লস্কর খাঁর রাজত্ব ছিল এই এলাকায়। তাঁরই কোনো স্থাপনা হতে পারে এটি।স্থানীয় আওয়ামী লীগের নেতা বাবুল দেওয়ান বলেন, দুই দিন আগে স্থানীয় লোকজন নদীর মাঝখানে দালানের গম্বুজ দেখে কৌতূহলী হয়। কাছে গিয়ে ইট দেখে পানির নিচে পাকা ভবনের ধ্বংসাবশেষের অস্তিত্বের ব্যাপারে তারা নিশ্চিত হয়। ভবনের ছাদের ওপরে এখনো হাঁটুপানি রয়েছে। স্থানীয় লোকজন গম্বুজ দুটির ইট খুলে নদীর ধারে এনে স্তূপ করে রেখেছে।গতকাল শুক্রবার চকরাজাপুর গ্রামে গিয়ে দেখা যায়, নদীর মাঝখানে গভীর পানিতে স্থাপনাটির একটি গম্বুজের অংশবিশেষ জেগে রয়েছে। অনেক শিশু সাঁতরে গিয়ে ডুবে থাকা ভবনের ছাদে লাফঝাঁপ করছে।নজরুল বিশ্বাস নামে এক ব্যক্তি ডুব দিয়ে ভবনের ভেতর একটি লোহার দরজা আবিষ্কার করেন। তিনি বলেন, দরজাটি একটু হেলে আছে। দরজায় একটি হাতলও রয়েছে। সেটি ধরে তিনি অনেক টানাটানি করেও নাড়াতে পারেননি। তিনি বলেন, সেখানে পাশাপাশি দুটি ভবন রয়েছে। একটি উত্তর-দক্ষিণে, অপরটি পূর্ব-পশ্চিমে লম্বা।চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন ভবনের একটি খোলা জায়গা দিয়ে ভেতরে হাত ঢুকিয়ে মানুষের পায়ের একটি হাড় বের করেছেন। ওই বিদ্যালয়ের ছাত্র মনিরুল ইসলাম পেয়েছে দরজার লোহার আংটা। চকরাজাপুর বাজারের একলাস দর্জি পেয়েছেন মানুষের মাথার খুলির অংশবিশেষ। এ ছাড়া মানুষের শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করেছেন স্থানীয় যুবক নুরুল ইসলাম মাতুব্বর, রুহুল আমিন, আবদুস সালাম, দেলোয়ার হোসেন, নজরুল কাজী প্রমুখ। এসব জিনিস গড়গড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আজিজুল আযমের কাছে জমা রাখা হয়েছে।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, তিনি সেখানে থানার উপপরিদর্শক (এসআই) মনসুর হাবিবকে পাঠিয়েছিলেন। ভবনের কিছু ইট লোকজন খুলে নিয়ে আসে। সেগুলো নদীর তীরে রেখে দেওয়া হয়েছে। পাহারা দেওয়ার জন্য স্থানীয় চৌকিদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডুব দিয়ে কেউ যেন ঘরের ভেতরে না ঢোকার চেষ্টা করে, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।রাজশাহী হেরিটেজের সভাপতি মাহবুব সিদ্দিকী বলেন, ষোড়শ শতকের শেষ দিকে পাঠান জায়গিরদার লস্কর খাঁর রাজধানী ও সেনানিবাস ছিল বাঘার আলাইপুরে। এখান থেকে তিন-চার কিলোমিটার দক্ষিণে চকরাজাপুরে এখন পদ্মা নদীর মূল ধারাটি প্রবাহিত হচ্ছে। এখানেই জেগে উঠেছে স্থাপনাটি। এর গায়ে যেসব ইট রয়েছে, সেগুলো ১২ ইঞ্চি দীর্ঘ, ছয় ইঞ্চি চওড়া ও চার ইঞ্চি উচ্চতাবিশিষ্ট। তিনি বলেন, ইটের আকার ও স্থাপনার অবস্থান দেখে মনে হচ্ছে, এটি পাঠান জায়গিরদার লস্কর খাঁর কোনো স্থাপনা।মোগল সেনাপতি মানসিংহ লস্কর খাঁকে পরাজিত করে এই রাজ্য বৎসাচার্যকে দিয়ে যান। তাঁরই ছেলে পিতাম্বর পুঠিয়ার জমিদারি পেয়েছিলেন। পুঠিয়ার জমিদারের উত্তরাধিকার চারি আনার জমিদার এই এলাকা পেয়েছিলেন।