পদ্মার বুকে ভেসে পদ্মা সেতুর জন্য ঋণচুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীতে ভাসমান ফেরিতে বসে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। নদীর বুকে ভাসমান ‘ভাষাশহীদ বরকত’ ফেরিতে গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় উৎসবমুখর পরিবেশে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশের আবাসিক পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।এর পরপরই পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সহায়তা চুক্তিতে স্বাক্ষর করেন অ্যালেন গোল্ডস্টেইন ও বাংলাদেশের পক্ষে সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। এর আগে সরকারের উচ্চপদস্থ ব্যক্তি ও দাতা সংস্থার প্রতিনিধিরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নগোজি এন ওকোনজো-আইওয়েলা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, সব ধরনের অনিয়ম ও দুর্নীতিমুক্তভাবে পদ্মা সেতু হবে।পদ্মা সেতু বাস্তবায়নে বিশ্বব্যাংক প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ঋণ দেবে। মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দ্বিতল এই সেতু নির্মিত হবে। বিশ্বব্যাংকের ঋণ ৪০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তবে এর মধ্যে প্রথম ১০ বছর ‘গ্রেস পিরিয়ড’ বা কিস্তি দিতে হবে না। ঋণের সুদ দিতে হবে শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে।দুপুর ১২টার পর অতিথিরা আসেন নদীর পাড়ে মাওয়া ঘাটে। তাঁরাসহ সবাই কিছুক্ষণ পর ওঠেন চুক্তি স্বাক্ষর উপলক্ষে সাজানো রো রো ফেরি ভাষাশহীদ বরকতে। অতিথিদের বরণ করে নেওয়া হয় ফুলের তোড়া দিয়ে। শুরু হয় যাত্রা। ফেরিতে ছিল বাদ্যবাজনা ও ঢাকার শিল্পীদের সংগীত পরিবেশনা। ফেরি কিছু দূর যাওয়ার পর শুরু হয় বৃষ্টি। পরে নদীতে ভাসমান ফেরিতে স্বাক্ষরিত হয় ওই নদীর ওপর সেতু নির্মাণের ঋণচুক্তি। সাজানো ফেরিটি দেখতে সকাল থেকে উৎসুক মানুষ ভিড় করে ঘাটে।অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্প দুর্নীতিমুক্ত হবে। এই প্রকল্পে দুর্নীতির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে। প্রকল্প পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে উচ্চপর্যায়ের মূল্যায়ন কমিটি করা হয়েছে। আগামী অক্টোবর মাসের মধ্যে সেতু নির্মাণে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হবে।দুর্নীতি-অনিয়মের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ দেখানোর কথা বলেন যোগাযোগমন্ত্রীও। তিনি বলেন, মন্ত্রণালয় ও প্রকল্প কর্তৃপক্ষ—দুই ক্ষেত্রেই পদ্মা প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেতুতে রেলের সুবিধা থাকবে। তবে উদ্বোধনের প্রথম থেকেই দুই পাড়ে সরাসরি রেল চালু করা সম্ভব হবে না। জাজিরা প্রান্তে রেল সংযোগ দেওয়া হবে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত পর্যায়ক্রমে রেলপথ করা হবে।বিশ্বব্যাংকের এমডি দুর্নীতিমুক্তভাবে পদ্মা সেতু বাস্তবায়নের আহ্বান জানান। বিশ্বব্যাংক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নানা কঠিন শর্ত দিয়ে সময় ক্ষেপণ করে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিশ্বব্যাংক আগের বিশ্বব্যাংক নয়। আমি নিজেও উন্নয়নশীল দেশের প্রতিনিধি। আমরা শর্ত নয়, উন্নয়নে বিশ্বাস করি।’ তিনি জানান, বিশ্বব্যাংকের প্রধান শর্ত হচ্ছে, সেতু প্রকল্প দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন হতে হবে এবং সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। সরকারের পক্ষ থেকে তা তাঁকে নিশ্চিতও করা হয়েছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান, স্থানীয় সাংসদেরা, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানি ঋণদান সংস্থা জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রতিনিধিরা।পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ছাড়াও এডিবি, জাইকা ও আইডিবি সহায়তা করছে। যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগ পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করছে। মূল সেতুর দৈর্ঘ্য হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার এবং প্রস্থ ২৫ মিটার। চার লেনবিশিষ্ট এই সেতুর ওপরে যানবাহন এবং নিচে চলবে ট্রেন। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য ১৬ হাজার ২৫০ কোটি টাকা এবং সরকার বহন করবে চার হাজার ২৫৭ কোটি টাকা।