পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের ঠাঁই মিলেছে ফসলি জমিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলার তিনটি ইউনিয়নে পদ্মার ভাঙনে সহায়-সম্বলহারা প্রায় দুই হাজার পরিবার এখন অন্যের ফসলি জমিতে আশ্রয় নিয়েছে। নিঃস্ব এসব মানুষ মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে পদ্মা নদীর ব্যাপক ভাঙনে জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের মোহর আলী মাদবরকান্দি, আহম্মদ মাঝিকান্দি, ওকাল উদ্দিন মুন্সীকান্দি, পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া, ওছিম উদ্দিন মাদবরকান্দি ও মাঝিকান্দি এবং পালের চর ইউনিয়নের উকুম আলী মাদবরকান্দি, গৈজউদ্দিন আকনকান্দি, সামাদ মাদবরকান্দি গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙনে তাদের বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্তরা পরে অন্য মানুষের ফসলি জমি ভাড়া নিয়ে সেখানে অস্থায়ী বসতি গড়ে তুলেছে। স্থানীয় প্রশাসন ভাঙনে ক্ষতিগ্রস্ত কিছু পরিবারের মাঝে চাল বিতরণ করলেও তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেয়নি।পূর্ব নাওডোবা ইউনিয়নের ওছিম উদ্দিন মাদবরকান্দি গ্রামের আবদুল আজিজ বলেন, ‘পদ্মার ভাঙনে আমার বসতবাড়ি, ফসলি জমি সব বিলীন হয়েছে। পরিবারের ছয়জন সদস্য নিয়ে অসহায় হয়ে পড়েছি। অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছি। নদীর তীরবর্তী অন্য মানুষের জমিতে আশ্রয় নিয়েছি। যেকোনো সময় এ জায়গা ছেড়ে দিতে হবে।’পালেরচর ইউনিয়নের গৈজউদ্দিন আকনকান্দি গ্রামের হামিদ মাদবর বলেন, ‘পদ্মার তীব্র ভাঙনে এলাকার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। অন্যের ফসলি জমি ভাড়া নিয়ে বসতি গড়েছি। নিচু ফসলি জমিতে ঝুপড়িঘর তুলে মানবেতর জীবনযাপন করছি।’পশ্চিম নাওডোবা ইউনিয়নের ওকাল উদ্দিন মুন্সীকান্দি গ্রামের গফুর মিয়া বলেন, ‘নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ার ১৫ দিন পর ইউনিয়ন পরিষদ থেকে ১০ কেজি চাউল দিয়েছে। এরপর আর কোনো সহায়তা আমরা পাইনি। ফসলি জমি হারিয়ে বেকার হয়ে পড়েছি। বসতভিটা হারিয়ে আশ্রয়হীন হয়েছি। এই মুহূর্তে সরকারি সহায়তা না পেলে আমাদের জীবনধারণ কষ্ট হয়ে যাবে।’পশ্চিম নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিল গোমস্তা বলেন, ‘এ এলাকায় পদ্মার ভাঙনে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কিছু চাউল ছাড়া অন্য সহায়তা পারিনি। ক্ষতিগ্রস্তরা অন্যের ফসলি জমিতে মানবেতর জীবনযাপন করছে। শত শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার ভাঙনকবলিতরা বেকার হয়ে পড়েছে।’জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভিখারুদৌলা চৌধুরী বলেন, ‘নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের কিছু ত্রাণ-সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের আরও সহায়তা করার পরিকল্পনা রয়েছে।’স্থানীয় সাংসদ বি এম মোজাম্মেল হক বলেন, ‘পদ্মা নদীর ভাঙনে এ বছর জাজিরা উপজেলার কয়েকটি গ্রামের বেশ কিছু পরিবার গৃহহীন হয়েছে। ভাঙন রোধে বাঁধ নির্মাণে আমাদের পরিকল্পনা রয়েছে। যারা গৃহহীন হয়ে পড়েছে, তাদের পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হবে।’