পদ্মার সেই বাঁধ থেকে সব জাল অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর মূল প্রবাহে সেই আড়াআড়ি বাঁশের ব্লক বাঁধটির সব জাল অপসারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রশিদ উপস্থিত থেকে এ কাজের তদারক করেন। বিকেল পর্যন্ত বাঁধের সব জাল অপসারণ করা হলেও বাঁশ অপসারণের কাজ চলছিল। গত মাস থেকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ওরফে মামুন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতার সহযোগিতায় ওই বাঁধ দিয়ে মাছ শিকার শুরু করেন। গত সোমবার প্রথম আলোয় ‘পদ্মায় বাঁধ দিয়ে মাছ শিকার’ শীর্ষক খবর প্রকাশের পর জেলা প্রশাসনের নির্দেশে গত সোমবার ওই বাঁধ অপসারণের কাজ শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রশিদ জানান, গতকাল বেলা ১১টার দিকে তিনি বাঁধ অপসারণের কাজ বন্ধ রয়েছে বলে খবর পান। পরে উপজেলা ভারপ্রাপ্ত মত্স্য কর্মকর্তা আজম আলী ও ছয়জন পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। শ্রমিকেরা তাঁকে জানান, কুয়াশার কারণে তাঁরা কাজ করতে পারছেন না। পরে দুপুর ১২টার দিকে শ্রমিকেরা বাঁশ অপসারণ শুরু করেন। ইউএনও আরও জানান, বিকেল পাঁচটার মধ্যে সব জাল অপসারণ করা হয়েছে। তবে বাঁশ অপসারণ চলছে। গতকাল ৯০টি বাঁশ অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এ বাঁধের ২৫০ মিটারের মতো সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব হয়েছে।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা আগামীকালের (আজ বুধবার) মধ্যে বাঁশ অপসারণে ব্যর্থ হলে প্রশাসন সব বাঁশ তুলে নিলামে বিক্রি করে দেবে। প্রথম আলোর খবরটি আমাদের কাজ সহজ করে দিয়েছে।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, বাঁধ অপসারণ শুরু হয়েছে। এতে এলাকার সাধারণ মানুষ খুব খুশি। তাদের ধারণা দেওয়া হয়েছিল, এ বাঁধ কেউ অপসারণ করতে পারবে না। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকউল্লাহ প্রথম আলোকে জানান, যে অংশে বাঁধ দেওয়া হয়েছিল, তা ভাঙনকবলিত এলাকা। বাঁধ বা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে নদীর স্বাভাবিক প্রবাহে বাধার সৃষ্টি করা হলে নদীভাঙন জোরালো হয়।