পদ্মার সেই বাঁধটি ভেঙে ফেলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর মূল প্রবাহে সেই আড়াআড়ি বাঁশের ব্লক বাঁধটি জেলা প্রশাসনের নির্দেশে গতকাল সোমবার ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। গত মাস থেকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ওরফে মামুন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতার সহযোগিতায় ওই বাঁধটি দিয়ে মাছ শিকার শুরু করেন। এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘গতকাল বাঁধটি নিয়ে প্রথম আলোর শীর্ষ খবরটি দেখার পর সকাল সাড়ে আটটায় মামুনকে এক দিনের মধ্যে সেটি অপসারণের কাজ শুরু করতে নির্দেশ দিই। এর মধ্যে এ কাজ করতে ব্যর্থ হলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলেও জানিয়ে দিই।’ তিনি বলেন, প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে ফোন করে অবিলম্বে বাঁধটি অপসারণের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রশিদ বলেন, গতকাল সকালে স্থানীয় সাংসদ (ফরিদপুর-৪) নিলুফার জাফরউল্লাহ আমাকে টেলিফোন করে অবিলম্বে বাঁধটি অপসারণ করতে বলেন।জানা যায়, গতকাল দুপুর একটা থেকে ১০ জন শ্রমিক বাঁধ অপসারণের কাজ শুরু করেন। শেখ খোকন নামের এক শ্রমিক বলেন, দুপুর ১২টার দিকে মামুন বাঁধটি অপসারণ করতে বলেন। দুপুর একটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ৫৮টি বাঁশ তোলা হয়েছে। এতে বাঁধের প্রায় ১০০ মিটার অপসারণ করা সম্ভব হয়েছে।প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর থেকে বাঁধ দিয়ে মাছ শিকারের কাজ শুরু হয়। ১৫ জন শ্রমিক ২০ দিনে বাঁধটি নির্মাণ করেন। এতে প্রায় পাঁচ হাজার বাঁশ ব্যবহার করা হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় পদ্মা নদীর মূল ধারায় বাঁধ দিয়ে মাছ শিকার করা হচ্ছে ২০০১ সাল থেকেই। তত্কালীন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দীপু খা বর্তমান বাঁধটির এক কিলোমিটার পূর্ব দিকে প্রথম বাঁধ দেন। পরে তত্কালীন উপজেলা যুবদল নেতা মঞ্জুর হক নদীর গোপালপুর ঘাট এলাকায় আরেকটি বাঁধ দেন। ঝাউকান্দা ইউনিয়ন এলাকায় নদীতে বাঁধ দেন তত্কালীন উপজেলা বিএনপি সদস্য ফকির মৃধা। পৌষ থেকে চৈত্র মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে নদীতে বাঁধ দিয়ে এভাবে মাছ শিকার করা হয়। বৈশাখ মাসের শুরুতে নদীতে জোয়ারের পানি আসা শুরু করলে বাঁধের বাঁশগুলো অপসারণ করে সংরক্ষণ করা হতো। পরে আবার বাঁধ দিয়ে শুরু হয় মাছ শিকার।এ ব্যাপারে দিপু খা বলেছেন, ‘আমি কখনো পদ্মা নদীতে বাঁধ দিইনি। মামুন নিজেকে বাঁচানোর জন্য আমাকে জড়িয়ে এসব কথা বলেছে।’উপজেলা যুবদলের সাবেক নেতা মঞ্জুর হক মৃধা প্রথম আলোকে বলেন, ২০০৩ সালে পদ্মা নদীর মূল প্রবাহের অর্ধেক অংশে একটি বাঁধ দিয়েছিলাম। আমি জানি, কাজটি অবৈধ। তবে সম্পূর্ণ নদী আটকায়নি।সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার জানান, ২০০৮ সালের মার্চ থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট তিনটি বাঁধ অপসারণ করা হয়েছিল। এর মধ্যে দিপু খার দেওয়া বাঁধটি ছিল।