পদ্মায় দুর্নীতি, মোশাররফসহ দুই আসামির জামিনের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ দুই আসামি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল বুধবার আবেদন করা হয়। আগামী সপ্তাহে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। অন্য আবেদনকারী হলেন সেতুর নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদাউস। ১৭ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন এই দুজনসহ সাতজনের বিরুদ্ধে বনানী থানায় মামলাটি করেন।আবেদনকারীদের পক্ষে আইনজীবী রুমিন ফারহানা গতকাল সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন ফাইল করেন। যোগাযোগ করা হলে আজ বৃহস্পতিবার তিনি প্রথম আলো ডটকমকে বলেন, দুজনের আগাম জামিন চেয়ে দুটি আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে আবেদন শুনানির জন্য অবকাশকালীন বেঞ্চে দাখিল করা হবে। ইতিমধ্যে রাষ্ট্রপক্ষকে আবেদনের অনুলিপি দেওয়া হয়েছে।১৭ ডিসেম্বর দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান আবদুল্লাহ আল জাহিদ বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। ওই দুজন ছাড়া অপর আসামিরা হলেন—সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ এবং এসএনসি-লাভালিনের স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা। মামলার এজাহারে বলা হয়, ‘একে অপরকে আর্থিক লাভবান করার অসত্ অভিপ্রায়ে অপরাধমূলক অসদাচরণ ও বিধিবিধান ভঙ্গ করে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম তারা পরিচালনা করেছে। এর মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের নির্মাণকাজে নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগের ক্ষেত্রে অন্যতম দরদাতা এসএনসি-লাভালিন ইন্টারন্যাশনাল ইনকরপোরেটকে কার্যাদেশ পাইয়ে দেওয়ার ব্যবস্থা তারা করেছে। এই কাজ দণ্ডবিধির ১৬১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অনুযায়ী অপরাধ করার অভিপ্রায়ে অপরাধমূলক ষড়যন্ত্র। এ ধরনের ষড়যন্ত্র দণ্ডবিধির ১২০(বি) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।’ আরও বলা হয়, ‘নির্মাণ তদারকি পরামর্শক হিসেবে এসএনসি-লাভালিন কার্যাদেশ পেলে ঘুষ লেনদেন সম্পন্ন হতো।