পদ্মায় দুর্নীতি: দুই আবুল নজরদারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের মামলা থেকে বাদ যাওয়া সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী নজরদারিতে আছেন বলে উল্লেখ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. বদিউজ্জামান। তিনি বলেন, ‘ওই দুই ব্যক্তি যাতে তদন্ত প্রভাবিত করতে না পারেন, সে জন্য তাঁদের নজরদারিতে রাখা হয়েছে। দুই মন্ত্রীকে যেহেতু আসামি করা হয়নি, তাই তাঁদের গ্রেপ্তার করা হবে না এবং আদালত থেকে তাঁদের জামিনও নিতে হবে না। তবে তদন্ত কর্মকর্তারা তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারেন।’ আজ বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। এ বিষয়ে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,‘ হ্যাঁ, নজরদারিতে রয়েছি। সমস্যা কী? আমি সত্, স্বচ্ছ ও পবিত্র মানুষ। আল্লাহর নজরদারিতেও তো রয়েছি।’দুদকের নজরদারির কারণে কোথাও যেতে বা কোনো কাজে বাধা দেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে আবুল হোসেন বলেন, ‘আমার কাজে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারও বাধা দেওয়ার কোনো অধিকার নেই।’এ পর্যায়ে সাবেক যোগাযোগমন্ত্রী উত্তেজিত হয়ে বলেন, ‘আপনাদের কারণে আমি তো পৃথিবীর বিখ্যাত মানুষ। আমাকে নিয়ে আলোচনা, সমালোচনা, কবিতা, আবৃত্তি, কার্টুন—কোনটা বাদ রেখেছেন। শেষ বিচারের দিন দেখবেন, সৈয়দ আবুল হোসেন কী জিনিস।’এদিকে মামলা দায়েরের পর থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাহায্য নিয়ে আসামিদের বাড়িসহ সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। চার তদন্ত কর্মকর্তাকে সঙ্গে নিয়ে অভিযানের সমন্বয় ও নেতৃত্ব দিচ্ছেন দুদকের পরিচালক উইং কমান্ডার তাহিদুল ইসলাম। বিকেলে মামলার দুই আসামি হাইকোর্টে জামিন নিতে যাওয়ার খবর পেয়ে তাহিদুল ইসলামের নেতৃত্বে চার তদন্ত কর্মকর্তা তাত্ক্ষণিক অভিযানে নামেন। বিকেল পৌনে চারটার দিকে অভিযানে নামলেও তাঁরা সফল হতে পারেননি। বিকেল পৌনে পাঁচটার আগেই তাঁরা দুদক কার্যালয়ে ফিরে আসেন। উইং কমান্ডার তাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।এ ছাড়া গতকাল বুধবার রাতেও দুদকের একাধিক দল র্যাব ও পুলিশের সহযোগিতায় পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের মামলার চার আসামিকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করছেন বলে দুদক সূত্র জানায়। গত সোমবার পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রের মামলায় সাতজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করেন অনুসন্ধান দলের প্রধান ও দুদকের উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ। এজাহারের বর্ণনায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর নাম থাকলেও আসামির তালিকা থেকে তাঁরা বাদ পড়েন। মামলায় মোট সাতজনকে আসামি করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশের চারজন হচ্ছেন—সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগে দরপত্র মূল্যায়নে গঠিত কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদাউস, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট লিমিটেডের (ইপিসি) উপপরিচালক মো. মোস্তফা। কানাডীয় তিন বিদেশি আসামি হচ্ছেন এসএনসি লাভালিনের সাবেক পরিচালক (আন্তর্জাতিক প্রকল্প বিভাগ) মোহাম্মদ ইসমাইল, সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও কেভিন ওয়ালেস।