পদ্মা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণে সহায়তা দেওয়ার ব্যাপারে আবারও আশ্বাস দিয়েছে চীন। এ ছাড়া চীন বঙ্গোপসাগরের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের ব্যাপারেও বাংলাদেশকে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা দিতে প্রস্তুত।আজ রোববার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠককালে বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য লি চ্যাং চুন এ সহায়তার কথা বলেন। বৈঠকে চীনের পক্ষে লি চ্যাংয়ের সঙ্গে ছিলেন সে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের সাতজন মন্ত্রী, উপমন্ত্রীসহ শতাধিক প্রতিনিধি। এর আগে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ১৫ অক্টোবর চীন সফরে গেলে সে দেশের ভাইস প্রেসিডেন্টও একই আশ্বাস দেন।বৈঠক শেষে বিএনপির নেতা ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ছাড়াও আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর জন্য চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত রেল ও সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে। এ জন্য মিয়ানমারের সঙ্গে কথা বলে দ্রুত ওই রেল ও সড়ক যোগাযোগ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে চীনা প্রতিনিধিদল।শমসের মবিন বলেন, লি চ্যাং জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে চীনের গভীর সম্পর্ক। সে সম্পর্ক আরও সুদৃঢ় করতেই সম্প্রতি চীন সফর করেন খালেদা জিয়া। খালেদাকে আবার চীন সফরের আমন্ত্রণ জানান চ্যাং চুন।আগামী নভেম্বরে অনুষ্ঠেয় চীনা কমিউনিস্ট পার্টির অষ্টম কংগ্রেস সফল হবে বলে আশা প্রকাশ করেন খালেদা জিয়া। বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ।