পদ্মায় নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ একজন
রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় মনসুর রহমান (৫০) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে আর নিখোঁজ রয়েছেন একজন। আজ সোমবার সকাল ছয়টার দিকে নগরের মতিহার থানার সাহাপুর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। মনসুরের বাড়ি শ্যামপুর নগরপাড়া গ্রামে আর নিখোঁজ তাইজুল ইসলামের (৫০) বাড়ি চারঘাট উপজেলার ইউসুফপুর চকপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে নারীসহ ১৫-২০ জনের একটি দল চরের মাঠে কাজে যাচ্ছিলেন। হঠাত্ পদ্মা নদীর মাঝখানে গিয়ে নৌকাটি ডুবে যায়। এতে অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও সাঁতার না জানায় মনসুর ও তাইজুল ইসলাম তীরে উঠতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মনসুর রহমানের লাশ উদ্ধার করেছে। রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মিজানুর রহমান বলেন, মনসুর রহমানের লাশ উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ তাইজুল ইসলামকে উদ্ধারে চেষ্টা চলছে।