পদ্মায় পানি বেড়ে ফেরি চলাচল ব্যাহত
পদ্মায় অস্বাভাবিকভাবে পানি বেড়ে যাওয়ায় স্রোতের তীব্রতা বেড়েছে। এতে যাত্রী ও যানবাহন পারাপারে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ ঘটনায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে কয়েক শ গাড়ি।গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে যানবাহন নিয়ে আমানত শাহ ফেরিটি তীব্র স্রোতে দিক হারিয়ে চরে আটকে যায়। আজ শুক্রবার সকালে এটি সরিয়ে আনা সম্ভব হয়েছে। সকালে আরেকটি ফেরি শাহআলী চরে আটকে গেলে বিকেলে তা উদ্ধার করা সম্ভব হয়।বিআইডব্লিউটিসি ও ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে পাটুরিয়া থেকে ফেরি আমানত শাহ একটি বাস, নয়টি ট্রাক ও ১৩টি ছোট গাড়ি নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। রাত পৌনে ১০টার দিকে স্রোতের ঘূর্ণিপাকে পড়ে ফেরিটি চরে ওঠে যায়। ফেরিটিকে সাহায্য করতে গিয়ে একে একে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কাবেরী, কেরামত আলী আটকা পড়ে। পরে পাটুরিয়া থেকে উদ্ধারকারী জাহাজ আইটি-৩৯২ গিয়ে উদ্ধার-তত্পরতা চালায়। আজ ভোর সাড়ে চারটার দিকে আমানত শাহকে উদ্ধার করা সম্ভব হয়।আমানত শাহ ফেরির দ্বিতীয় মাস্টার হাসান আহাম্মেদ জগলুল বলেন, কয়েক দিন ধরে পানি বাড়ায় স্রোতের গতি অনেক বেড়ে গেছে। বিশেষ করে চ্যানেলে ঢোকামাত্র স্রোতে ফেরির দিক ঠিক রাখা যায় না।এদিকে একটি বাস ও ১৫টি ট্রাক নিয়ে পাটুরিয়া থেকে দৌলতদিয়ায় যাওয়ার পথে সকাল পৌনে নয়টার দিকে ফেরি শাহ আলী একই স্থানে আটকা পড়ে। বিকেল পাঁচটা ১০ মিনিটে ফেরিটি উদ্ধার করা হয়। স্রোতের কারণে ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো দুই-তিন কিলোমিটার ভাটি ঘুরে চলাচল করছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরি কুমারী বিকল হয়ে পড়েছে। আটটি রো রো ফেরি কয়েক কিলোমিটার পথ ঘুরে আসায় পারাপারে সময় বেশি লাগছে। এ কারণে দৌলতদিয়ায় যানজট দেখা দিয়েছে।