পদ্মায় ভেসে আসছে মৃত মানুষ ও গরু
রাজশাহীতে পদ্মার পানিতে ভেসে আসছে মৃত মানুষ ও গরু। আজ মঙ্গলবার বিকেলে নগরের মতিহার থানার শ্যামপুরে অবস্থিত পানি শোধনাগারের পাইপে এক নারীসহ চারজনের মৃতদেহ ও কয়েকটি মৃত গরু আটকে যায়।পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, লাশগুলো উজান থেকে বন্যার পানিতে ভেসে এসেছে। যেভাবে লাশগুলো পচে ফুলে উঠেছে, তাতে ধারণা করা হচ্ছে কয়েক সপ্তাহ আগে তাদের মৃত্যু হয়েছে। স্থানীয় ব্যক্তিরা জানান, আজ দুপুরের পর শ্যামপুর এলাকায় হঠাত্ দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তাঁরা গন্ধের উৎস খুঁজতে গিয়ে লাশের সন্ধান পান। তারা দেখতে পান, শ্যামপুরে অবস্থিত শহীদ এ এইচ এম কামরুজ্জামান পানি শোধনাগারের পাইপে চারজনের লাশ ও কয়েকটি মরা গরু আটকে আছে। নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘোষ প্রথম আলো ডটকমকে বলেন, লাশগুলো শনাক্ত করার কোনো উপায় নেই। তাঁরা ধারণা করছেন, ভারতের বন্যায় তাদের প্রাণহানি ঘটতে পারে। তিনি জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।