পদ্মায় সাড়ে ৭ ঘণ্টা ফেরি বন্ধ
ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাড়ে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত এ অবস্থা ছিল।বিআইডব্লিউটিসি আরিচা অফিস সূত্রে জানা গেছে, পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে ফেরি শাহ আলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কেরামত আলী ও শাহজালাল মাঝ নদীতে আটকা পড়ে। এতে শতাধিক যানবাহন ও পাঁচ হাজার যাত্রী মাঝ নদীতে আটকে থাকে। পাটুরিয়া ঘাটে কপোতী এবং দৌলতদিয়া ঘাটে শাহ পরান ও খানজাহান আলী ফেরি তিনটি আটকা পড়ে। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক, পাঁচ শতাধিক বাস ও ছোট গাড়িসহ শত শত যাত্রী আটকা পড়েছে। বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে নয়টার দিকে কুয়াশা কমতে থাকলে ফেরি চলাচল শুরু হয়। এদিকে, ঘন কুয়াশার কারণে গতকাল রাত ১২টা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে পৌনে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ধরে এই গুরুত্বপূর্ণ রুটে ফেরি বন্ধ থাকায় উভয় পাড়ে দেখা দেয় যানজট। বিআইডব্লি¬উটিসির ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল আজ সকাল পৌনে নয়টা থেকে আবার শুরু হয়েছে।