পদ্মায় ‘বাঁধ’ দিয়ে মাছ শিকার
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর মূল প্রবাহে আড়াআড়ি বাঁশের ‘ব্লক বাঁধ’ দিয়ে অবাধে মাছ শিকার করছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ওরফে মামুন। আর এ কাজে তাঁর সহযোগী স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতা।এ ব্যাপারে জানতে চাইলে ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বাঁধটি অপসারণ করতে নির্দেশ দিয়েছি। তাঁর (ইউএনও) এখতিয়ারে না কুলালে জেলা প্রশাসনের উদ্যোগে বাঁধটি অপসারণ করা হবে। সরকারি নীতিমালা অনুযায়ী নদীতে এভাবে বাঁধ দেওয়া যায় না।’গত শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চরভদ্রাসন উপজেলা দিয়ে প্রবাহিত পদ্মা নদীতে বাঁশ দিয়ে আড়াআড়ি ব্লক বাঁধ দেওয়া হয়েছে। নদীর পশ্চিম পারে রয়েছে উপজেলার গাজীরটেক ইউনিয়নের আলম ফকিরেরডাঙ্গি গ্রাম। নদীর পূর্ব পারে একই উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চরশালীপুর গ্রাম। দেড় কিলোমিটারব্যাপী বাঁধটি ওই দুই গ্রামের মধ্যে নদীর মূল প্রবাহে আড়াআড়িভাবে তৈরি করা হয়েছে। বাঁশের সঙ্গে আটকানো জালের নিচে ভারী পাথর বাঁধা। প্রায় ১০০ মিটার পর পর রয়েছে ২০টি ‘রাক্ষুসে জাল’। এমন জাল ইলিশ ধরার ফাঁদ হিসেবে ব্যবহূত হয়। নৌযান চলাচলের জন্য বাঁধের ২৫ ফুট জায়গা খোলা রাখা হয়েছে।সেখানে কর্মরত মত্স্যজীবীরা জানান, প্রতি দুই ঘণ্টা পর পর জালগুলোতে মাছ ধরা পড়েছে কি না, তা দেখা হয়। ইলিশ, পাঙাশ, বোয়ালসহ ছোট ছোট জাটকা—সবই ধরা পড়ছে এ জালে। এ মাছ ধরার কাজে পাবনার বেড়া উপজেলার জেলে বাসু হালদারের (৪২) নেতৃত্বে কাজ করছেন ১৫ জন জেলে। সাতটি যন্ত্রচালিত নৌকা ব্যবহার করে তাঁরা জালে আটকানো মাছগুলো সংগ্রহ করছেন।বাসু হালদার বলেন, ‘চরভদ্রাসনের মামুন আমাদেরকে মাছ ধরার কাজে শ্রমিক হিসেবে খাটাচ্ছেন। আমাদের খাবার ও বেতন তিনিই দেন। কোনো কোনো দিন ৭০ মণ মাছ ধরা পড়ে। আবার কোনো দিন চার-পাঁচ মণ মাছ পাওয়া যায়। বেশির ভাগ মাছ ঢাকার দোহার ও ফরিদপুরের সিঅ্যান্ডবি ঘাটে পাঠানো হয়। অল্প কিছু মাছ বিক্রি হয় চরভদ্রাসন ও হাজীগঞ্জ বাজারে। গত ১৮ ডিসেম্বর থেকে মাছ ধরার কাজ চলছে।’নাম প্রকাশে অনিচ্ছুক হাজীগঞ্জ বাজারের এক ব্যবসায়ী প্রথম আলোকে জানান, এভাবে নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারের কাজে মামুনের সঙ্গে গাজীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি নতুনডাঙ্গি গ্রামের আলী প্রামাণিক (৪০), উপজেলা বিএনপির সদস্য কবির ব্যাপারী (৫০), চরহরিরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. জুলহাস মিয়াসহ আওয়ামী লীগের নেতারা জড়িত।চরহরিরামপুর বিএনপির সভাপতি জুলহাস মিয়া এ বাঁধের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে বলেন, ‘বাঁধ দিয়েছে জেলেরা। এ ব্যাপারে আমরা কী করব?’চরভদ্রাসন যুবলীগের আহ্বায়ক মো. কাওসার হোসেন বলেন, মামুন মাঝেমধ্যেই নানা রকম খেয়ালের বশে কাজ করেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ওর বাবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর প্রশ্রয় না পেলে এ কাজ করা সম্ভব নয়।পদ্মায় বাঁধ দিয়ে মাছ ধরার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরভদ্রাসন উপজেলা ভারপ্রাপ্ত মত্স্য কর্মকর্তা মো. আজম আলী। গত বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, ১৫ দিন আগে বাঁধ অপসারণ করার জন্য দুই জেলেকে চিঠি দিয়ে তিন দিনের মধ্যে বাঁধটি অপসারণ করতে বলা হয়েছে। এখনো বাঁধ অপসারণ না করায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘ট্রেনিংসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সময় করে উঠতে পারিনি।’ তিনি বলেন, এই বাঁধের কারণে নদীতে মাছের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে এ অঞ্চলের মাছের স্বাভাবিক বৃদ্ধি ঘটবে না।গত ২৭ ডিসেম্বর নদীর মূল প্রবাহে বাঁধ দিয়ে মাছ শিকারের বিষয়ে উপজেলা পরিষদের মাসিক সভায় আলোচনা হয়। এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন জানান, সভায় উপজেলা মত্স্য কর্মকর্তা ওই বিষয়টি উপস্থাপন করেন। তিনি বলেন, নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো কাজ হয়নি। সভায় ইউএনওকে বাঁধ অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়।ইউএনও আব্দুর রশিদ প্রথম আলোকে বলেন, পদ্মা নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে মামুনের নেতৃত্বে মাছ ধরার কাজে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারাও জড়িত। এ বাঁধ অপসারণের জন্য দুই দফা মামুনকে অনুরোধ করা হলেও কোনো কাজ হয়নি। এ কাজটি দেশের প্রচলিত মত্স্য আইনের পরিপন্থী। পদ্মায় বাঁধ দিয়ে মাছ ধরার কথা স্বীকার করে আহসানুল হক ওরফে মামুন প্রথম আলোকে বলেন, ‘গত ১০ বছর উপজেলা বিএনপির তত্কালীন সভাপতি বারী খাঁর ছেলে দলের তত্কালীন সাংগঠনিক সম্পাদক দীপু খাঁ নদীতে বাঁধ দিয়ে মাছ মেরে খেয়েছে। তখন আমরা এর কোনো ভাগ পাইনি। এখন আমরা বিএনপিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে এ কাজ করছি। এ ব্যাপারে কারও কোনো আপত্তি নেই।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মামুনের বাবা আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘ওখানে জেলেরাই মাছ ধরছে। আমাদের বাড়ির পাশে বলে আমরা কমবেশি সহযোগিতা করছি। বিষয়টি আওয়ামী লীগের অনেকেই জানে। বাঁধ দেওয়া হলেও ছোট মাছ ধরা হচ্ছে না।’