পন্টিং এবার ‘ওয়াক’ বিতর্কে
ড্রেসিং রুমের টিভি ভাঙা, মাঠে তরুণ সতীর্থের ওপর মেজাজ গরম করে প্রকাশ্যে ক্ষমা চাওয়া—বিতর্ক যেন পিছু ছাড়ছে না রিকি পন্টিংয়ের। নাকি পন্টিংই পিছু ছাড়ছেন না বিতর্কের? নতুন বিতর্ক—পরশু পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পরিষ্কার আউট হওয়ার পরও ‘ওয়াক’ (নিজে থেকে মাঠ ছেড়ে যাওয়া) করেননি। তাঁর মাপের একজন ক্রিকেটারের জন্য আউট হলে স্বেচ্ছায় মাঠ ছেড়ে আসাটাই শোভনীয়।ক্রিকেটকে এখনো ভদ্রলোকের খেলাই বলা হয়। তবে পেশাদারির চাপে এই ভদ্রলোকের খেলা থেকে ওয়াক করার মতো ভদ্রলোক একরকম উধাও হয়ে গেছে অনেক দিন ধরেই। ওয়াক না করাটাই এখন স্বাভাবিক, হঠাৎ কেউ একজন করে ফেললে সেটাই বড় খবর হয়ে যায়। তবে পন্টিংয়ের ওয়াক না করা আলোচনায় উঠে এসেছে মূলত ‘ইউডিআরএস’-এর কারণে।অস্ট্রেলিয়া ইনিংসের ১৯তম ওভারে মোহাম্মদ হাফিজের বল পন্টিংয়ের ব্যাট ছুঁয়ে জমা পড়ে কামরান আকমলের গ্লাভসে। আম্পায়ার মারাইস ইরাসমাস আউট না দেওয়ায় পাকিস্তান রিভিউ চায়। রিপ্লেতেই ধরা পড়ে পরিষ্কার আউট। সমালোচকদের কথা হলো, বল ব্যাটে লেগেছে, এটা তো পন্টিংয়ের না বোঝার কারণ নেই। পাকিস্তান যখন রিভিউ চাইল, তখন তো পন্টিং বুঝে গেছেন বাঁচার উপায় নেই। তখন কেন মাঠ ছাড়লেন না?পন্টিং স্বীকার করলেন, বল ব্যাটে লেগেছে, এটা তিনি বুঝতে পেরেছিলেন। তাহলে ওয়াক করলেন না কেন? এবার যেন আকাশ থেকে পড়লেন অস্ট্রেলীয় অধিনায়ক, ‘কেন করব? সবকিছুই তো খেলার অংশ। আমাদের তো কত ভুল আউট দেওয়া হয়, তাহলে ভুল করে না দিলে সমস্যা কোথায়? এখন রিভিউ আছে, ব্যাটসম্যান-বোলার দুজনেরই সুবিধা। কিন্তু এটা তো একটা প্রক্রিয়া, এটা শেষ না হলে কীভাবে মাঠ ছাড়ব!’পন্টিং পাশে পেলেন পাকিস্তান কোচ ওয়াকার ইউনুসকেও, ‘ব্যাটসম্যানদের ওয়াক করতে দেখলে অবশ্যই ভালো লাগে, কিন্তু এসব আর আজকাল দেখা যায় না। এতে দোষেরও কিছু নেই। সবই খেলার অংশ। আর এখন তো একটা সিস্টেম আছে, পার পাওয়ার উপায় নেই।’এই বিতর্ক হয়তো খুব বেশি বাড়বে না। তবে বলতেই হবে, সময়টা সুবিধের যাচ্ছে না ‘পান্টারের!’