পপ-ঘরানার শিল্পী হওয়ার স্বপ্ন ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ সন্ধ্যায় দেখানো হবে সেলিব্রিটি টক শো ‘যা কিছু প্রথম’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বিজরী বরকতউল্লাহ এবং পরিচালনা করেছেন ফরিদা লিমা। অনুষ্ঠানে আজকের অতিথি মিলা। কথা হলো তাঁর সঙ্গে।কেমন আছেন?ভালো। (বুধবার) কিছুক্ষণ আগে বিমানবন্দর থেকে বাসায় ফিরেছি। গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। সেখানে নিউইয়র্ক, মিশিগান ও লস অ্যাঞ্জেলেসে গান করেছি। এর মধ্যে প্রথম দুটি প্রবাসী বাঙালিরা আয়োজন করেছিল আর তৃতীয়টি ফোবানা সম্মেলনে। অনুষ্ঠানের ফাঁকে ইউনিভার্সেল স্টুডিওতে ঘুরতে গিয়েছিলাম। ‘যা কিছু প্রথম’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে অনুষ্ঠানটির শুটিং করেছিলাম। আমার প্রথম অ্যালবাম ফেলে আসা নিয়ে অনেক কথা হয়েছে। অ্যালবামটি বাজারে আসে ২০০৬ সালে। অনুষ্ঠানে বিজরীর সঙ্গে আড্ডা দিতে কিন্তু ভালোই লেগেছে। আপনি তো এখন গানের সুর ও সংগীত পরিচালনার কাজ করছেন। তার কী খবর?আমার স্টুডিও দি এক্সপেরিমেন্টালে একটি মিক্সড অ্যালবামের কাজ করছি। কাজটা খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে। এতে কণ্ঠ দেবেন এলিটা, উপল আর কণা। আমার নিজেরও গান থাকবে। এ ছাড়া অ্যালবামটির জন্য আমি নতুন কণ্ঠ খুঁজছি। ঈদের জন্য কী করবেন?নতুন কোনো একক অ্যালবামের কাজ করার ইচ্ছে আপাতত নেই। আসলে একটু সময় নিয়ে একক অ্যালবামের কাজটা করতে চাইছি। ভেবেছি, তাড়াহুড়ো না করে কোরবানির ঈদের জন্য একক অ্যালবামের কাজ করব।আপনার মা নজরুলসংগীতের শিল্পী। আপনি আধুনিক গানে আগ্রহী হলেন কেন?আমিও কিন্তু নজরুলসংগীতে তালিম নিয়েছি। উচ্চাঙ্গসংগীত শিখেছি। আমার ওস্তাদ ছিলেন মঞ্জুশ্রী রায় ও সঞ্জীব দে। তবে পরে পপ-ঘরানার শিল্পী হওয়ার স্বপ্ন ছিল। তাই নিজেকে সেভাবেই তৈরি করেছি।বিশ্বকাপ ফুটবল নিয়ে আপনি গান করেছেন। কেমন প্রতিক্রিয়া পেয়েছেন?খেলাধুলার প্রতি আমার আলাদা দুর্বলতা রয়েছে। খেলা নিয়ে কিছু একটা করার ইচ্ছে ছিল। তাই বিশ্বকাপ ফুটবলের মতো চমৎকার সুযোগটা হাতছাড়া করতে চাইনি। গানটি এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানগুলোতেও গেয়েছি। সবাই তো বেশ প্রশংসা করেছে। আর এবার আমার এই গানটির মিউজিক ভিডিও নিয়ে জি-সিরিজ থেকে একটি অ্যালবাম বেরিয়েছে। নাম মিলা উইথ ওয়ার্ল্ড কাপ।