পপকর্ন হাতে রুহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুহির বয়স ১২ বছর। সে থাকে মগবাজারের পেয়ারাবাগানে। এ বছর চতুর্থ শ্রেণীতে উঠেছে। তার মা বাসাবাড়িতে ঝিয়ের কাজ করেন। ভাইবোনের মধ্যে রুহি সবার বড়। সকালে ঘুম থেকে উঠে রান্না করে সে। ছোট দুই ভাইকে খাইয়ে স্কুলে নিয়ে যায়। সকাল নয়টায় স্কুলে যায়, ফেরে দুপুর দুইটার পর। বাসায় ফিরে ফের তাকে রান্না করতে হয়।রুহি জানায়, তার মা চারটি বাসায় কাজ করেন। এ জন্য ভোরে অন্ধকার থাকতে বাসা থেকে বের হয়ে যান। দুপুরে ফিরে আবার কাজে যান চারটার দিকে। তার মায়ের বাসায় ফিরতে ফিরতে রাত নয়টা বেজে যায়। ঘরের সব কাজ রুহিকে করতে হয়। ছোট ভাইদের খাওয়ানো, সামলানো সবই করে সে।নূরজাহানের নানি রেললাইনের পাশে বসে পান-সিগারেট বিক্রি করেন। সেখানেই দুপুর থেকে গাজর, বরই বিক্রি করে রুহির ভাইয়েরা। রুহি বিকেল থেকে মগবাজার মোড়ে প্যাকেটভর্তি ভুট্টার খই বা পপকর্ন বিক্রি করে। ট্রাফিক সিগন্যালে যানবাহন থামলে সে যাত্রীদের কাছে ছুটে যায়। সে জানায়, প্রতি প্যাকেটে দুই টাকার মতো লাভ থাকে। রাত নয়টা পর্যন্ত বেচাবিক্রি করে সে। তার মা বাসায় ফিরে রান্নাবান্না শুরু করে দেন। সেও তার মাকে তখন সাহায্য করে। খেয়েদেয়ে রাত ১১টার মধ্যেই ঘুমিয়ে পড়ে সবাই।রুহির দেশের বাড়ি রংপুরের চিলমারীতে। তারা ঢাকায় আছে আট বছর ধরে। তার বাবা দুই বছর আগে ক্যানসারে মারা গেছেন। তার বাবা রিকশা চালাতেন। রুহির বাবার চিকিত্সার জন্য তার মা সুদে টাকা ধার নিয়েছিলেন। তা এখন সুদ-আসলে বেড়ে যাচ্ছে। ধার শোধ করতেই প্রতি মাসে অনেক টাকা চলে যায়। ভুট্টার খই বিক্রি করে সংসারের খাওয়ার খরচ জোগাড় করে রুহি। ছোট ভাইগুলোর অসুখ-বিসুখ হলে সে স্কুলে যেতে পারে না। স্কুলে যেতে না পারলে তার খারাপ লাগে। মাঝেমধ্যে রুহি টেলিভিশনে সিনেমা দেখে। শাকিব খান তার প্রিয় নায়ক। রুহি জানায়, সে কোরমা-পোলাও রান্না করতে পারে। তাদের ঠিকমতো ভাতই জোটে না। তাই দামি খাবার রান্না করার সুযোগ নেই তার।