পপগুরু: স্মৃতি-সংগীতে প্রবহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেহেশত কী, সে সম্পর্কে আমার জ্ঞান সীমিত। তবে বেহেশত শব্দটি শুনলে কোনো এক বিচিত্র কারণে আমার ছেলেবেলার কথা মনে পড়ে যায়। আল্লাহতাআলা আমাকে বেহেশতে যাওয়ার সুযোগ দিলে আমার ধারণা আমি সেই ছোট্টটি হয়ে যাব।’ কথাগুলো পপগুরু আজম খানের। ১৯৯৮ সালের ২৯ জানুয়ারি ‘বড়দের ছোটবেলা’ নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল দৈনিক ভোরের কাগজ। সেখানে ‘কিচিরমিচির ছেলেবেলা’ শিরোনামে তাঁর নামে প্রকাশিত লেখাটির সূচনায় ছিল এটি। বেহেশতে যাওয়ার সুযোগ তিনি পেয়েছেন কি না, জানার উপায় নেই। তবে তাঁর লাখো ভক্তের মতো আমারও কামনা, তিনি যেন সেই সুযোগ পান।পপগুরু আজম খানের ৬২তম জন্মদিন আজ। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরে তাঁর জন্ম। পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। দেশে তখন আইয়ুব খানের সামরিক জান্তা বিরোধী উত্তাল গণ আন্দোলন। ঊনসত্তরের সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন আজম খান। জনতার আন্দোলন বেগবান করতে ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সদস্য তরুণ আজম খান গণসংগীত নিয়ে পথে নামেন। তারপর শুরু হয় বাঙালির মুক্তির সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ। প্রাণের মায়া তুচ্ছ করে সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়া মাত্র চলে যান আগরতলায়। একদিকে নেন যুদ্ধের প্রশিক্ষণ, অন্যদিকে প্রশিক্ষণ শিবিরে গান গেয়ে অনুপ্রাণিত করতে থাকেন মুক্তিযোদ্ধাদের। প্রশিক্ষণ শেষে অস্ত্র হাতে অংশ নেন সম্মুখ সমরে। দেশমাতৃকাকে পরাজয়ের শৃঙ্খলমুক্ত করে বীরের বেশে ফিরে আসেন প্রিয় ঢাকায়। তারপর আবারও মগ্ন হয়ে পড়েন সুরের নেশায়।১৯৭২ সালে ‘উচ্চারণ’ নামের ব্যান্ড গড়ার মধ্য দিয়ে তাঁর যাত্রা শুরু। সে বছরই বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে নারে’ ও ‘চার কালেমা সাক্ষী দেবে’—এই গান দুটি তাঁকে জনপ্রিয় করে তোলে। এরপর ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘রেল লাইনের ঐ বস্তিতে’, ‘আসি আসি বলে তুমি আর এলে না’, ‘আলাল ও দুলাল’, ‘হারিয়ে গেছে খুঁজে পাব না’—এ গানগুলো গেয়ে শ্রোতাদের তিনি মাতিয়ে তোলেন। ‘এক যুগ’ নামে তাঁর প্রথম অডিও ক্যাসেট প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালে। সব মিলিয়ে তাঁর গানের অ্যালবাম ১৭টি। জনপ্রিয় অন্যান্য গানের মধ্যে আছে ‘হাইকোর্টের মাজারে’, ‘জীবনে কিছু পাব না’, ‘পাপড়ি কেন বোঝে না’, ‘সাঁইজি’, ‘সব মানুষই সাদা-কালো’, ‘মানুষ নামে খেলনা’, ‘এমনি চলে যাব’, ‘জীবনের শেষ কটা দিন’, ‘অনামিকা’, ‘অভিমানী’সহ আরও অনেক গান। বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও ব্যক্তিগত জীবনে শিল্পী আজম খান ছিলেন অত্যন্ত সহজ-সরল খোলা মনের একজন মানুষ। অনেকটা নিভৃতে অনাড়ম্বর এক জীবন যাপন করে গেছেন তিনি। মঞ্চে আজম খানের বৈচিত্র্যময় উপস্থাপনা, গান গাওয়ার বিচিত্র অথচ আকর্ষণীয় ভঙ্গিই তাঁকে দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। বিশেষ করে ‘রেল লাইনের ওই বস্তিতে/জন্মেছিল একটি ছেলে/মা তার কাঁদে/ছেলেটি মরে গেছে/ হায় আমার বাংলাদেশ বাংলাদেশ’ গানটি শ্রোতাদের হূদয়ে তাঁর জন্য স্থায়ী আসন তৈরি করে।সংগীতে আজম খানের যে অনন্য প্রতিভা ছিল, সেটাকেই জীবিকার মাধ্যম হিসেবে আঁকড়ে ছিলেন আমৃত্যু। তাঁর গানে মিলন ঘটেছিল একজন লোক-কবি ও আধুনিকতাবাদী এক শিল্পীর। একই সঙ্গে পশ্চিমা ধাঁচের পপ গানে দেশজ উপাদানের সংযোজন এবং পরিবেশনার স্বতন্ত্র রীতিতে বাংলা গানে নতুন মাত্রা আনেন তিনি। শ্রোতাদের কাছে তখন এ ধরনের গান ছিল একেবারেই নতুন। এই নতুন ধারার গানের পথিকৃত্ হিসেবে শ্রোতারাই তাঁকে ‘পপসম্রাট’ বা ‘পপগুরু’ বলে সম্মানিত করেছেন। বর্ণাঢ্য জীবনে অনেকবার পুরস্কৃত হয়েছেন আজম খান। এর মধ্যে হলিউড থেকে ডিস্কো রেকর্ডিংয়ের সৌজন্যে ১৯৯৩ সালে বেস্ট পপ সিঙ্গার অ্যাওয়ার্ড, টেলিভিশন দর্শক পুরস্কার ২০০২, কোকাকোলা গোল্ড বটলসহ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অন্যতম। গানের জগৎকে মাতিয়ে দিয়ে গত বছরের ৫ জুন চিরতরে চলে গেছেন আজম খান। সংগীতে, সমরে এক বর্ণাঢ্য জীবন কাটিয়ে দুরারোগ্য ব্যাধি ক্যানসারের কাছে হেরে যান পপগুরু। মৃত্যু তাঁকে দিয়ে গেছে অমরত্ব, আর অনাগত মানুষের জন্য রেখে গেছে উদ্দীপ্ত তারুণ্য নিয়ে বেঁচে থাকার অনন্ত অনুপ্রেরণা।