পপি-ইমন সাফল্য পেলেন ‘গার্মেন্টস কন্যা’ দিয়ে
প্রথম ছবিতেই বাজিমাত করলেন পপি-ইমন জুটি। দুজন মিলে জি সরকারের পরিচালনায় গার্মেন্টস কন্যা ছবিটিতে অভিনয় করেছিলেন। ছবি মুক্তির প্রথম দিনেই ঢাকাসহ জেলা শহরের প্রেক্ষাগৃহগুলো পূর্ণ হয়ে যায়। এরপর সপ্তাহের অন্যান্য দিনও ছবিটি দেখার জন্য দর্শক সিনেমা হলে ভিড় করেছে। বুকিং এজেন্ট সমিতির সভাপতি আনু মোহাম্মদ বলেন, পোশাকশ্রমিকেরা যেমন ছবিটি দেখেছেন, তেমনি সাধারণ মানুষও ছবিটি দেখছে।ছবির প্রযোজক এতটাই খুশি যে ঘটা করে অনুষ্ঠান করলেন এবং জানান দিলেন, পপি-ইমনকে নিয়ে তিনি আরও একটি ছবি বানাবেন। ছবির ব্যবসায়িক সাফল্যে বেশি খুশি ছবির দুই শিল্পী। পপি বলেন, ‘ছবিটিতে আমি পোশাকশ্রমিকদের প্রতিনিধি হয়ে কথা বলেছি। ছবিটি নিয়ে আমার ইতিবাচক আশা ছিল। হয়েছেও তাই।’ ইমন বলেন, ‘ছবিটি অনেক কারণেই আমার কাছে স্মরণীয়। পপি আপুর সঙ্গে প্রথম ছবি ছিল এটি। যখন আমাদের দেশের চলচ্চিত্র ব্যবসায়িকভাবে সুবিধা করতে পারছিল না, তখন এই ছবির সাফল্য সত্যিই আমার জন্য অনেক বেশি আনন্দের।