পপি ও ইমনের প্রথম ছবি ৭ অক্টোবর
অপু বিশ্বাস, পূর্ণিমা, শাবনূর, সাহারা, রেসি—একে একে সবার সঙ্গে কাজ করেছেন ইমন। তাঁদের সঙ্গে ইমনের অভিনীত ছবিগুলো মুক্তি পেয়েছে। বাকি ছিল শুধু পপির সঙ্গে কাজ করা। সেটিও এবার হলো। আগামী ৭ অক্টোবর পপি ও ইমনের প্রথম ছবি গার্মেন্টস কন্যা মুক্তি পাবে। পরিচালনা করেছেন জি সরকার। তিনি বললেন, ‘পপির সঙ্গে এর আগে শাকিব খান, রিয়াজ, ফেরদৌস সবাই কাজ করেছেন। প্রত্যেক নায়কের সঙ্গেই তাঁর জুটি তৈরি হয়েছে। এতটুকু বলতে পারি, ইমন অন্য নায়কদের মতো পপির সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন এবং খুবই ভালো কাজ করেছেন।’ ইমন প্রসঙ্গে পপি বললেন, ‘ইমনের মধ্যে ভালো করার চেষ্টা ছিল। আমি নতুনদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। আমার মনে হয় গার্মেন্টস কন্যা যে ধরনের বিষয় নিয়ে নির্মাণ করা হয়েছে, তা দর্শকদের কাছে একটি ভিন্ন ধরনের ছবি মনে হতে পারে।’ইমন বললেন, ‘এটি রোমান্টিক অ্যাকশন গল্পের ছবি। পপির সঙ্গে এটিই প্রথম ছবির কাজ করলাম। খুবই সহযোগিতা করেছেন তিনি। আমি কাজটা করে খুশি।’