পপুলার লাইফকে ১৪৬ কোটি টাকা ফেরত দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথিত সম্পত্তি কেনার নামে কোম্পানির তহবিল থেকে বের করে নেওয়া ১১৮ কোটি টাকা বার্ষিক ১২ শতাংশ সুদসহ ফেরত দিতে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই হিসাবে ২৮ কোটি ৩২ লাখ টাকা সুদসহ মোট ফেরত দিতে হবে ১৪৬ কোটি ৩২ লাখ টাকা।আইডিআরএর এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালের সেপ্টেম্বরে কথিত সম্পত্তি কেনার নামে পপুলার লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালকেরা ১১৮ কোটি টাকা তহবিল থেকে বের করে নিয়ে আত্মসাৎ করেছেন। অথচ জীবন বিমা খাতের সব কোম্পানির মতো পপুলার লাইফেরও তহবিলের ৯০ শতাংশেরই মালিক সাধারণ বিমা গ্রাহকেরা। এই টাকা ফেরত দেওয়ার জন্য আইডিআরএ গত ৭ মার্চ পপুলারকে প্রথম দফা নোটিশ দিয়েছিল। তাতে বলা হয়েছিল, ‘১১৮ কোটি টাকা এবং কথিত সম্পত্তি কেনার তারিখ থেকে বার্ষিক ১২ শতাংশ সুদসহ কোম্পানির খাতে জমা দিতে কেন আপনাদের বলা হবে না, আগামী ১০ কার্যদিবসের মধ্যে তা দর্শাতে হবে।’ এ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে পপুলার লাইফ হাইকোর্টে রিট দায়ের করে। গত ১৬ জুলাই আদালত নোটিশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন। পরে আইডিআরএর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট আপিল বিভাগের চেম্বার জজ হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করে দেন। একই সঙ্গে বিষয়টি প্রধান বিচারপতির পূর্ণাঙ্গ আদালতে শুনানির জন্য প্রেরণ করেন। পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর আদালত চেম্বার জজের স্থগিতাদেশই বহাল রাখেন।এরপর কয়েকবার সময় চেয়ে গত আগস্টে আইডিআরএর নোটিশের জবাব দেয় পপুলার লাইফ। সর্বশেষ ১২ সেপ্টেম্বর আইডিআরএ থেকে পপুলার কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বলা হয়, কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে পপুলার লাইফ যে জবাব দিয়েছে, তাতে নানা ধরনের অসংগতি, গরমিল ও পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। ওই চিঠিতে টাকা ফেরত দেওয়ার তাগিদ দিয়ে বলা হয়, টাকা ফেরত দেওয়ার যে নোটিশ ৭ মার্চ দেওয়া হয়েছিল, সেই সুযোগটি চাইলে তারা গ্রহণ করতে পারে। আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিমা গ্রাহক ও শেয়ারহোল্ডারদের স্বার্থ দেখাই আইডিআরএর কাজ। পপুলার কর্তৃপক্ষের উচিত হবে কোম্পানির টাকা কোম্পানিতে ফেরত দিয়ে দেওয়া।’আইডিআরএ সূত্র জানায়, বার্ষিক ১২ শতাংশ হারে সুদসহ ১৪৬ কোটি ৩২ লাখ টাকার পুরোটাই পপুলার লাইফ কর্তৃপক্ষকে কোম্পানির তহবিলে ফেরত দিতে হবে।জানতে চাইলে পপুলার লাইফের এমডি বি এম ইউসুফ আলী বলেন, ‘আমরা আইডিআরএর চিঠি পেয়েছি। তবে টাকা ফেরত দেওয়া না-দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি কোম্পানির পর্ষদ।’আইডিআরএ সূত্র জানায়, জাল দলিলের মাধ্যমে রাজধানীর গুলশানের কড়াইল এলাকায় সরকারের ৪০৪ কাঠা জমি জবরদখলেরও পাঁয়তারা করে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ডের (বর্তমানের বিটিসিএল) নামে অধিগ্রহণ করা এ সম্পত্তির বর্তমান বাজার দর প্রায় আড়াই হাজার কোটি টাকা। কিন্তু জালিয়াতির মাধ্যমে শরীয়তপুরের জনৈক মৃত ফজলুল করিমের স্ত্রী নাজমা বেগম ও তাঁর পুত্র ওছমান গণির কাছ থেকে পপুলার লাইফ এ জমি কিনেছে বলে গত দুই বছর ধরেই দাবি করে।এর মধ্যে আইডিআরএ ও আইন মন্ত্রণালয়ের পৃথক তদন্তে বেরিয়ে আসে, নাজমা বেগম ও ওছমান গণিকে ভুয়া দাতা সাজিয়ে জালিয়াতির মাধ্যমে কাল্পনিক দলিল তৈরি করেছে পপুলার লাইফ কর্তৃপক্ষ। আর জমির মূল্য পরিশোধের নামে তারা ১১৮ কোটি টাকা কোম্পানির তহবিল থেকে বের করে নিয়ে গেছে। ২০১০ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত পপুলারের ১০৩তম পর্ষদ সভায় এই কথিত জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন কোম্পানির চেয়ারম্যান ছিলেন আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। আর পরিচালক ছিলেন এম এ রশিদ, সাইদুল ইসলাম, মোতাহার হোসেন, আসিফ রহমান, মোহাম্মদ শোয়েব, কবির আহমেদ, আক্তার পারভেজ চৌধুরী ও আক্তারুল হক। আর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন বি এম ইউসুফ আলী।