পবনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের মামলায় বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ ওরফে পবনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন এ অভিযোগ গঠন করেন। এ মামলায় আখতার হামিদ, ওমর ফারুক ও বাবু পলাতক। কারাগারে থাকা তিনজন প্রদীপ সাহা, গোলাম সাব্বির ওরফে শোভন ও সুলতান হাসান ওরফে রনিকে আজ সোমবার আদালতে হাজির করা হয়। তবে তাঁরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক জিয়াউর রহমান গত ২৩ ফেব্রুয়ারি ওই বোমা বিস্ফোরণের মামলায় পবনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এর মধ্যে আসামি আজাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় তদন্ত কর্মকর্তা তাঁকে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন।অভিযোগপত্রে বলা হয়, রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির জন্য বিএনপির নেতা খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ ওরফে পবনের কথায় গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। অভিযোগপত্রে আরও বলা হয়, আসামি পবন সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং বিএনপি ররাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ায় নিজেকে গুরুত্বপূর্ণ করার জন্য গত ২৩ ফেব্রুয়ারি গুলশানের বিএনপি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ ঘটান। পবনের কথামতো তাঁর বন্ধু গোলাম সাব্বির ওরফে শোভন ও সে (প্রদীপ) এই বিস্ফোরণ ঘটান।