পবনসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের বাইরে বোমা হামলা মামলার ঘটনায় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ পবনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান আজ বুধবার অভিযোগ গঠন করে আগামী ১০ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।পবনের পক্ষে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।আসামি ছয়জনের মধ্যে পবন ছাড়া চারজন কারাগারে আর ওমর ফারুক নামের একজন পলাতক রয়েছেন। আজ কারাগার থেকে আসামি প্রদীপ সাহা, গোলাম সাব্বির ওরফে শোভন, সুলতান হাসান ওরফে রনি ও বাবুকে হাজির করা হয়। এ সময় পবনও আদালতে হাজির ছিলেন।মামলার বিবরণে বলা হয়, আসামি পবন সন্ত্রাসী হিসেবে পরিচিত। বিএনপির রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ায় তিনি নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে গত বছর ২৩ ফেব্রুয়ারি গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ ঘটান। পবনের নির্দেশে তাঁর বন্ধু শোভন ও প্রদীপ সেখানে বোমাটি বিস্ফোরণ ঘটান।এ ঘটনায় বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা সেলের উপসমন্বয়কারী মেজর (অব.) মুহাম্মদ হানিফ বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন।