পবনের জামিনের মেয়াদ ৯ জানুয়ারি পর্যন্ত বর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের বাইরে বোমা হামলা মামলায় আখতার হামিদ পবনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আদালত আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন। আজ সোমবার পবনের পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর জন্য সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ জহরুল হক এ তারিখ নির্ধারণ করেন। ওই দিন আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের ওপর শুনানি হবে।আখতার হামিদ পবন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে। পবন আজ আদালতে হাজির হননি। আখতার হামিদ পবন গত ১০ অক্টোবর আত্মসমর্পণ করলে আদালত অন্তর্বর্তী জামিন দেন। এ মামলার অপর তিন আসামি প্রদীপ সাহা, গোলাম সাব্বির ওরফে শোভন ও সুলতান হাসান ওরফে রনি কারাগারে আছেন।মামলার বিবরণে বলা হয়, আসামি পবন সন্ত্রাসী হিসেবে পরিচিত। বিএনপির রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ায় তিনি নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে গত ২৩ ফেব্রুয়ারি গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ ঘটান। পবনের নির্দেশে তাঁর বন্ধু শোভন ও প্রদীপ সেখানে বোমাটি বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা সেলের উপসমন্বয়কারী মেজর (অব.) মুহাম্মদ হানিফ বিস্ফোরকদ্রব্য আইনে এ মামলা করেন।