পবনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ মার্চ
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের বাইরে বোমা হামলা মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১ মার্চ নির্ধারণ করা হয়েছে। মামলার আসামি বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে মাদকাসক্ত আখতার হামিদ পবনের জামিনও আদালত ওই দিন পর্যন্ত মঞ্জুর করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আকতারুজ্জামান এ আদেশ দেন।গত বছরের ১০ অক্টোবর আত্মসমর্পণ করলে আদালত আখতার হামিদকে অন্তর্বর্তী জামিন দেন। এ মামলার অপর তিন আসামি প্রদীপ সাহা, গোলাম সাব্বির ওরফে শোভন ও সুলতান হাসান ওরফে রনি কারাগারে আছেন।মামলার বিবরণে বলা হয়, আসামি পবন সন্ত্রাসী হিসেবে পরিচিত। বিএনপির রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ায় তিনি নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে গত বছর ২৩ ফেব্রুয়ারি গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ ঘটান। পবনের নির্দেশে তাঁর বন্ধু শোভন ও প্রদীপ সেখানে বোমাটি বিস্ফোরণ করেন।এ ঘটনায় বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা সেলের উপসমন্বয়কারী মেজর (অব.) মুহাম্মদ হানিফ বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন।