পবনের সম্পৃক্ততা নিয়ে বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আবদুল হামিদ পবনের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখবে বিএনপি। এ ঘটনা বিএনপিকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে বলে মনে করছেন দলের কেন্দ্রীয় নেতারা। ঘটনায় পবনের জড়িত থাকার বিষয়ে পুলিশের বক্তব্যের পর দলের মধ্যে খোন্দকার দেলোয়ারের বিরোধীরা নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। তবে দ্রুত ঘটনার রহস্য উন্মোচিত হওয়াকে সন্দেহের চোখে দেখছেন বিএনপি নেতারা। পবনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন দলের শীর্ষ স্থানীয় নেতারা। সূত্র জানায়, গত রোববার রাতে দলের স্থায়ী কমিটির দুজন সদস্য বিএনপি চেয়ারপারসনকে পবনের বিষয়ে মহানগর পুলিশের বক্তব্য অবহিত করা হয়। এ ঘটনার সঙ্গে পবনের সংশ্লিষ্টতা নেই—অতীত বিশ্লেষণ করে এমন কথা খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ নেতারা জোর দিয়ে বলতে পারছেন না বলে সূত্র জানায়। এ জন্য বিএনপি নিজ উদ্যোগে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করবে। সূত্র জানায়, অতীত কর্মকাণ্ডের কারণে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পবনের যাতায়াত অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু ১১ জানুয়ারির পট পরিবর্তনের পর দলে বাবা খোন্দকার দেলোয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সেই বিধিনিষেধ আর বহাল থাকেনি। বিএনপির কাউন্সিলের পর খোন্দকার দেলোয়ার মহাসচিব হলে ছেলে পবনকে কয়েকবার গুলশান কার্যালয়ে দেখা গেছে। সূত্র জানায়, পবনের বিষয়টি জানানো হলে খালেদা জিয়া বিএনপি নেতাদের বলেছেন, পবন এই ঘটনার সঙ্গে জড়িত না থাকলেও অতীত কর্মকাণ্ডের কারণে সবাই মনে করবে সে-ই এ ঘটনা ঘটিয়েছে। বিএনপি নেতারা জানান, খোন্দকার দেলোয়ার তাঁর দুই ছেলেকে নিয়ন্ত্রণ করতে না পারায় চেয়ারপারসন ক্ষোভ প্রকাশ করেছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, বিষয়টি দলের জন্য বিব্রতকর। তবে পুলিশের বক্তব্য কতটা সঠিক, তা নিয়ে সংশয় আছে। তিনি বলেন, ‘আমরা নিজেরা বিষয়টি খতিয়ে দেখব।’ দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।মানুষটা পবন, তাই দ্বিধাদ্বন্দ্বে বিএনপি: বিএনপির এক নেতা প্রথম আলোকে বলেন, ঘটনার পর দলের পক্ষ থেকে বলা হয়েছিল, এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সাংসদ মির্জা আজম জড়িত থাকতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত এ ঘটনার সঙ্গে পবনের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে বিএনপিকে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে। তিনি জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে দল থেকে। খালেদা জিয়ার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন বিএনপির এমন একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, মানুষটা পবন হওয়ায় তাঁরা এখন ‘কনফিউজড’, বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে আছেন। প্রকৃত ঘটনা উন্মোচনের জন্য নিজেদের উদ্যোগে তথ্য সংগ্রহ করে দেখছে বিএনপি। সূত্র জানায়, ঘটনার দিন প্রত্যক্ষদর্শীরা পুলিশ ও সাংবাদিকদের জানিয়েছিলেন, একটি লাল গাড়িতে করে হামলাকারীরা পালিয়ে গেছে। পবনের বন্ধু শোভনের বাড়ি থেকে একটি লাল গাড়ি উদ্ধার করা হয়েছে। সে বাড়িতে পবনের একটি গাড়িও পাওয়া গেছে। তা ছাড়া ঘটনার দিন গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা প্রদীপ সাহার সঙ্গেও পবনের ঘনিষ্ঠতা আছে। পবনের বিরুদ্ধে নানা সময়ে যে গাড়ি চুরির অভিযোগ উঠেছে, শোভনকে সেই চক্রের একজন মনে করা হয়। এসব কারণে বিএনপি পুলিশের কথা পুরোপুরি অবিশ্বাসও করতে পারছে না। সন্দেহ পুলিশের তোড়জোড় নিয়ে: সূত্র জানায়, খোন্দকার দেলোয়ারপন্থী এক নেতা খালেদা জিয়াকে বলেছেন, এই ঘটনা বিএনপি ঘটিয়েছে এটা প্রমাণ করতে সরকার তোড়জোড় করে একটি তদন্ত প্রতিবেদন জমা দিতে চাচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ অপরাধের তদন্ত বছরের পর বছর ধরে চললেও এই ঘটনার এত দ্রুত তদন্ত শেষ করার ঘটনা সন্দেহজনক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ প্রথম আলোকে বলেন, ডিএমপি পুলিশ যে বক্তব্য দিয়েছে, তার সত্যতা নিয়ে সন্দেহ আছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তাহলে প্রকৃত ঘটনা কী, তা জানা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের শাস্তি পেতে হবে।দেলোয়ারকে কোণঠাসা করার অভিযোগ: পবনের ঘটনা নিয়ে দেলোয়ারবিরোধীরা তত্পর বলে জানিয়েছেন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের কর্মকর্তারা। ইতিমধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা খালেদা জিয়াকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থায়ী কমিটির একজন সদস্য জানান, এ ধরনের অপরাধের শাস্তি কী হতে পারে, সে ব্যাপারে চেয়ারপারসনের সামনে উদাহরণ আছে। বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তানভীর আহম্মেদ সিদ্দিকীকে তাঁর ছেলে ইরাদ আহম্মেদের অপরাধের দায় নিতে হয়েছিল। ইরাদ আহম্মেদ তাঁর বাসায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তাঁকে প্রার্থী করার বিনিময়ে পাঁচ কোটি টাকা চেয়েছেন খালেদা জিয়া। ওই ঘটনার পর তানভীর আহম্মেদকে দল থেকে বহিষ্কার করা হয়।