পবিত্র আশুরা আজ
আজ ১০ মহররম। পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর কাছে এ দিনটি একই সঙ্গে ধর্মীয়ভাবে গভীর তাৎপর্যময় ও বেদনাদায়ক। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে ৬১ হিজরির এ দিনটিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) তাঁর পরিবারের সদস্য ও সহচরদের নিয়ে কারবালায় ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।পবিত্র আশুরা উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেন, সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। কারবালার শোকাবহ ঘটনার স্মৃতি সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে। সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা জোগায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে।বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর বাণীতে বলেন, সত্য ও ন্যায়ের জন্য ইমাম হোসাইন (রা.)-এর এই আত্মত্যাগ বাংলাদেশসহ বিশ্বের সকল নির্যাতিত মানুষের এক অনন্য প্রেরণা।মর্মান্তিক এই ঘটনা স্মরণে আজ শুক্রবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হবে পবিত্র আশুরা। রাজধানীসহ সারা দেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন আজ নানা কর্মসূচি পালন করবে। পুরান ঢাকার হোসেনি দালান, লালবাগ, আজিমপুর থেকে তাজিয়া মিছিল বের হবে। এসব মিছিল রাজধানীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করবে। এ ছাড়া দিনটি স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, গরিব-মিসকিনদের মধ্যে খাবার বিতরণ করা হবে। দিবসটি উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দল আজ বাদ আসর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।