পবিত্র ঈদুল আজহা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবারের রাত পোহাবে আনন্দের বার্তা নিয়ে। কাল বুধবার সারা দেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভে ধন্য হতে পশু কোরবানির মাধ্যমে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় উদ্যাপন করবে অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব। ঘরে ঘরে বয়ে যাবে আনন্দের ফল্গুধারা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।প্রায় চার হাজার বছর আগে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) নিজ পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম (আ.)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহ পাকের অনুগ্রহ লাভের কামনায় পশু কোরবানি করে থাকে। আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমের জন্য আল্লাহ কোরবানি ফরজ করে দিয়েছেন। তাই কোরবানি করাই এই দিনের উত্তম ইবাদত বলে ধর্মীয়ভাবে বলা হয়েছে।সেই ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা দেশের মুসলিম সম্প্রদায় কাল দিনের শুরুতেই ঈদগাহ বা মসজিদে সমবেত হবে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্য। নামাজের খুতবায় খতিব তুলে ধরবেন কোরবানির তাৎপর্য। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরিবনির্বিশেষে সবাই একসঙ্গে নামাজ আদায়ের পর কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করবেন। ঘুচে যাবে সব ভেদাভেদ। নামাজ শেষে মুসল্লিদের অনেকেই যাবেন কবরস্থানে। চিরবিদায় নেওয়া স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে সজল চোখে এই আনন্দের দিনে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানাবেন। এরপর বাড়ি ফিরে আল্লাহর উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদের প্রধান কর্তব্য সম্পন্ন হবে।জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্যাপিত হলেও পরের দুই দিনও পশু কোরবানি করার বিধান রয়েছে। সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি ফরজ হলেও ঈদের আনন্দ থেকে দরিদ্র-দুস্থরাও বঞ্চিত হবে না। কোরবানির পশুর চামড়া বিক্রির সমুদয় অর্থ এবং কোরবানি দেওয়া পশুর মাংসের তিন ভাগের এক ভাগ তাদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে।এদিকে প্রিয়জনদের সান্নিধ্যে ঈদের আনন্দ উদ্যাপন করতে বরাবরের মতোই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহর থেকে অগণিত মানুষ গ্রামের বাড়িতে যাত্রা শুরু করেছে। রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড়। আজ মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেছে ঈদের তিন দিনের ছুটি।পবিত্র ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে বরাবরের মতোই দেশের সংবাদপত্রগুলো প্রকাশ করছে বিশেষ সংখ্যা। টেলিভিশন চ্যানেল ও বেতার থেকে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া।ঢাকায় প্রধান জামাত: রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহে। নারীদের জন্যও এখানে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকছে।আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহের বদলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে (সকাল আটটায়) অনুষ্ঠিত হবে।মহিলাদের ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য ঈদগাহের দক্ষিণ দিকে আলাদা প্রবেশপথ ও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের গাড়ি রাখা ও ঈদগাহকে নামাজ আদায়ের উপযোগী করার জন্য ময়দানের মাটি সমান করা, ঘাস কাটা, অজুর পানি নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা সিটি করপোরেশন।প্রধান জামাত ছাড়াও সিটি করপোরেশনের উদ্যোগে স্থানীয় সময়সূচি অনুযায়ী ৯০টি ওয়ার্ডের প্রতিটিতে চারটি করে মোট ৩৬০টি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে একটিসহ মোট ৩৬১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।গাড়ি পার্কিং: জাতীয় ঈদগাহে গাড়ি পার্কিংয়ের জন্য স্থান নির্ধারণ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ঈদগাহের দক্ষিণ-পশ্চিমাংশে সুপ্রিম কোর্টের ভেতরে (ভিআইপি অ্যালাইটিংয়ের পশ্চিম পাশে) রাষ্ট্রপতির গাড়িবহর, সুপ্রিম কোর্টের ভেতরে দক্ষিণ-পশ্চিম কর্নারে (মাজারসংলগ্ন উত্তর পাশে) বিচারপতিদের গাড়ি, প্রধান গেটের উত্তর-পশ্চিম দিকে মন্ত্রী ও ভিআইপিদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সরকারি কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের গাড়ি রাখার জায়গা থাকবে গণপূর্ত ভবনের আঙিনায়। এ ছাড়া জিরো পয়েন্ট ও মুক্তাঙ্গনের দুই পাশে, ফজলুল হক মুসলিম হল থেকে বঙ্গবাজার হকার্স মার্কেটের ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে, মৎস্য ভবন থেকে পূর্ব দিকে কার্পেট গলি রোড ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে সাধারণ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।জাতীয় ঈদগাহের কাছাকাছি নির্ধারিত পার্কিংয়ে শুধু ভিভিআইপি/ভিআইপিদের গাড়ি মৎস্য ভবন হয়ে ঢুকতে পারবে।বায়তুল মোকাররম: বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট পাঁচটি জামাতের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রথম জামাত হবে সকাল সাতটায়। এরপর সকাল আটটা, নয়টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে পরবর্তী চারটি জামাত অনুষ্ঠিত হবে।