পবিত্র ঈদুল আজহা ২৭ অক্টোবর
আগামী ২৭ অক্টোবর শনিবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আউয়াল। খবর বাসসের।সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, গতকাল বাংলাদেশের আকাশে ১৪৩৩ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল ১৮ অক্টোবর থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এই হিসাবে ১০ জিলহজ ২৭ অক্টোবর শনিবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম ইয়াকুব হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।