পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বুধবার ১৭ নভেম্বর পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় এ উত্সব যথাযোগ্য মর্যাদায় সারা দেশে উদযাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষে কাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন সরকারি ছুটি থাকবে।ইতিমধ্যে ঈদ উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নামে পশু কোরবানি করবেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে লাখ লাখ লোক নিজেদের পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ করার জন্য রাজধানী ছেড়ে গেছে। ঈদকে সামনে রেখে দৈনিক পত্রিকাগুলো বিশেষ কোড়পত্র প্রকাশ করছে। এ ছাড়া বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।বাংলাদেশ রেলওয়ে, বিআরটিসি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) এবং অন্যান্য বেসরকারি সংস্থা বিপুলসংখ্যক যাত্রীর যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। কোরবানির পশু কেনার জন্য আজ সোমবার হাটগুলোতে বেশ ভিড় লক্ষ করা গেছে। রাজধানীতে জাতীয় ঈদগাহসহ ৩৬২টি ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে।জাতীয় ঈদগাহে পাঁচ হাজার নারী মুসল্লিসহ এক লাখ ২৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক দ্বীপগুলো জাতীয় ও ঈদ মোবারক খচিত পতাকা দিয়ে সুশোভিত করা হবে। পাশাপাশি সব সরকারি-বেসরকারি ভবনেও জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত পতাকা উত্তোলন করা হবে। ঈদুল আজহা উপলক্ষে ওই দিন কারাগার, হাসপাতাল, ভবঘুরে কেন্দ্র, বৃদ্ধাশ্রম, শিশুসদনে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।এদিকে ঢাকা সিটি করপোরেশন থেকে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাসস।