পবিত্র কোরআন পোড়ানোয় প্রতিবাদে আফগানদের বিক্ষোভ (ভিডিও)
আফগানিস্তানের একটি মার্কিন বিমানঘাঁটির ভেতর ন্যাটো বাহিনীর পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে মার্কিন সামরিক ঘাটির চারিদিকে বিক্ষোভ করেছে আফগানরা। এ ঘটনায় ন্যাটোর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৬০ কিলোমিটার উত্তরে মার্কিন বিমানঘাঁটি বাগরামে এ ঘটনা ঘটেছে বলে একজন সরকারি কর্মকর্তা জানান।পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে আজ মঙ্গলবার বাগরাম বিমানঘাঁটির বাইরে বিক্ষোভ করেন প্রতিবাদকারীরা। তাঁরা ঘাঁটি লক্ষ্য করে পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করেন। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়া হয়।রাজধানী কাবুলেও প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।ঘাঁটিতে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় আফগানিস্তানে ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল জন আর অ্যালেন দুঃখ প্রকাশ করে ঘটনা তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, ‘যেকোনো অপরাধের জন্য আমি আফগানিস্তানের প্রেসিডেন্ট, সরকার ও জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটিতে ন্যাটো বাহিনীর সদস্যরা পবিত্র কোরআন শরিফের কয়েকটি কপি পোড়ানোর খবর প্রথম প্রকাশ করেন একজন সরকারি কর্মকর্তা। ওই সময় তিনি ঘাঁটিতে দায়িত্ব পালন করেন।’ওই কর্মকর্তা বলেন, ‘তখন তাঁরা পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদ করেন।’ আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সাদেকি বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠানো হয়েছে।’ রয়টার্স।