পবিত্র কোরআনের মর্মার্থ বুঝতে হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পবিত্র কোরআনের ডিজিটালাইজ করা হয়েছে।আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আল কোরআন: ডিজিটাল’ ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর বাসসের। শেখ হাসিনা বলেন, ‘পবিত্র কোরআনে আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের নির্দেশনা রয়েছে। মানুষের অধিকার, সুবিচার, সাম্য, ধর্মীয় ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির জন্য এতে উপদেশবাণী রয়েছে।’ তিনি পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনের ডিজিটাল ভার্সন উদ্বোধনের সুযোগ লাভের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান। শেখ হাসিনা বলেন, ‘একজন মুসলমান হিসেবে আমাদের কোরআন পাঠ এবং এর মর্মার্থ উপলব্ধি করতে হবে।’প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বিএনপি ও জামায়াত ইসলামের নামে প্রতিদিন সর্বত্র বোমা হামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং নির্বিচারে মানুষ হত্যা করেছে। কিন্তু এখন ধর্মীয় নেতারা জঙ্গিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত এবং বর্তমানে দেশে জঙ্গিদের কোনো স্থান নেই।’