পবিত্র মাসে কোরআন শেখা
‘আ-লি-ফ’, ‘বা-আ’, ‘তা-আ’...উচ্চ স্বরে টেনে টেনে পড়ছেন কয়েকজন। তাঁদের সবার এক হাতে কাঠের শ্লেট আর অন্য হাতে চক। এঁদের অনেকেই আরবি হরফ চেনে না। কোনো হরফ চেনা হয়ে গেলে শ্লেটে সেটি লিখছেন। দেখে বোঝা যায়, কাঁচা হাতের লেখা। কারওয়ান বাজার আম্বরশাহ (রহ.) শাহী জামে মসজিদের বারান্দায় আয়োজন করা হয়েছে বয়স্ক ব্যক্তিদের কায়েদা-আমপারা-কোরআন শিক্ষার আসর। বিনা মূল্যে বয়স্ক ব্যক্তিরা কোরআন শিখছেন এখানে। কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আবদুর রহিম জানান, ছোট থাকতে কোরআন পড়তে ও লিখতে পারতেন। এরপর চর্চা না করায় ভুলে গিয়েছিলেন। রমজানের দশম দিন থেকেই তিনি আবার কোরআন পড়তে পারছেন, আরবি হরফ লিখতেও পারছেন।রমজান মাস এলে অনেকেই কোরআন তিলাওয়াত করেন। আর যাঁরা কোরআন পড়তে জানেন না, তাঁদের অনেকে এই মাসে কোরআন পড়তে শেখেন। নগরের মসজিদে মসজিদে কোরআন শেখার বিশেষ ব্যবস্থা করা হয়। অবশ্য অনেক মসজিদে সারা বছরই ছোটদের কোরআন পড়া শেখানো হয়। তবে রমজান মাসে বয়স্ক ব্যক্তিদের কোরআন শেখানোর বিশেষ আয়োজন থাকে অনেক মসজিদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের মসজিদে অনেকেই কোরআন পড়া শিখছেন। এই হলের কয়েকজন শিক্ষার্থী কোরআন শেখাচ্ছেন বিনা মূল্যে। রমজানের প্রথম ২০ দিনে তাঁরা অনেক শিক্ষার্থীকে কোরআন তিলাওয়াত শিখিয়েছেন। এঁদেরই একজন সূর্য সেন হলের শিক্ষার্থী নাসির আহমেদ। তিনি বলেন, ‘এটা একটা খুবই ভালো উদ্যোগ। সারা বছর কোরআন না পড়তে পড়তে ভুলে গেছি। কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগের ফলে এখন আবার কোরআন পড়তে পারছি।’রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ সুযোগটাকে কাজে লাগাচ্ছেন কোনো কোনো অভিভাবক। ছেলেমেয়েদের পাঠাচ্ছেন বাসার কাছের কোনো মসজিদে। সেখানে তাঁরা আমপারা পড়ছে। অনেকে আবার বাসায় শিক্ষক রেখেও সন্তানদের পড়তে শেখাচ্ছেন কোরআন। মিরপুরের জহুরাবাদ এলাকার হোসনে আরা বেগমের মেয়ে সাফিয়া চতুর্থ শ্রেণীতে পড়ে। সাফিয়া রমজানের এই দিনগুলোতে আমপারা রপ্ত করে ফেলেছে। হোসনে আরা বেগম বলেন, ‘কোরআন শরিফ আমাদের ধর্মগ্রন্থ। এটা জানা আমাদের সবারই দরকার। কিন্তু সেই সুযোগ আর কই? রমজান মাস আসায় সাফিয়াকে মসজিদে পাঠাই।’ এখানকার শিক্ষক হাফেজ শরিয়ত উল্লাহকে অবশ্য কোনো বেতন দিতে হয় না। তিনি বলেন, ‘রমজান মাসে কোরআন শরিফ শিক্ষা দিতে পেরে আমি গর্বিত। বিনিময়ে আমি কারও কাছ থেকে কিছু নিই না।’অন্যান্য মাসে ফজর কিংবা আসর নামাজের পর মসজিদে কোরআন শিক্ষা দেওয়া হলেও রমজান মাসে দেওয়া হচ্ছে জোহরের নামাজের পর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের মসজিদেও দেখা গেছে ছোট ছেলেমেয়েদের আরবি শিখতে। শ্যামলীর আদাবর মসজিদে ছোট ছোট ছেলেমেয়েদের কোরআন তিলাওয়াত শিখতে দেখা গেছে। এদের কেউ কেউ পড়ছে কায়দা, কেউ পড়ছে আমপারা, আবার কেউ কেউ তিলাওয়াত করছে কোরআন শরিফ। এদের সবাই প্রায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইফুল জানায়, ‘স্কুল বন্ধ থাকার কারণে আমরা বন্ধুরা সবাই এখানে পড়তে আসি।’অন্যদিকে তেজগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় জামে মসজিদে সারা বছর কোরআন শেখার আসর বসে। গত বুধবার দুপুরে গিয়ে দেখা গেছে, জনা ত্রিশেক ছেলেমেয়ে আরবি পড়ছে। এখানকার শিক্ষক আবদুল আজিজ বলেন, ‘সব সময় আমরা কোরআন শিক্ষা দিই। রমজান মাসে শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়ে যায়।’ আবদুল আজিজ ছাড়া এখানে আরও একজন শিক্ষক আছেন। মসজিদ কর্তৃপক্ষ এঁদের দুজনকেই প্রতি মাসে ৫০০ টাকা করে বেতন দেয়।