পবিত্র রমজান মাস শুরু
পাঠকেরা যখন এই সংবাদ পড়ছেন, তার আগেই শুরু হয়ে গেছে সংযমের মাস রমজান। গতকাল বুধবার দেশের বিভিন্ন এলাকায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ফলে আজ বৃহস্পতিবার থেকে মুসলমানেরা রোজা রাখা শুরু করেছেন। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে আজ থেকে রমজান মাস গণনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রমজান মাসের চাঁদ দেখার পর রাতে এশার নামাজের পর মসজিদে মসজিদে মুসলমানেরা তারাবির নামাজ আদায় করেছেন। চাঁদ দেখা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে কমিটিতে ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা হারুন অর রশীদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী: পবিত্র এ মাস উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘মাহে রমজান মাস মানবজাতির জন্য শ্রেষ্ঠ নিয়ামত। ...রোজা গরিব ও ক্ষুধার্ত মানুষের দুঃখ বুঝতে এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে সাহায্য করে।’প্রধানমন্ত্রী তাঁর বাণীতে পবিত্র রমজান মাসের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও পারস্পরিক সংঘাত পরিহার করে ব্যক্তিগত এবং সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।