পবিত্র রমজান মাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠকেরা যখন এই সংবাদ পড়ছেন, এর আগেই শুরু হয়ে গেছে সংযমের মাস রমজান। গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে, আজ মঙ্গলবার থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করেছেন।গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে আজ মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রমজান মাসের চাঁদ দেখার পর রাতে এশার নামাজের পর মসজিদে মসজিদে মুসলমানরা তারাবির নামাজ আদায় করেছেন।চাঁদ দেখা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, ২৭ আগস্ট শনিবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।বাণী: পবিত্র রমজান মাস উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা পবিত্র রমজান মাসের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিগত ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা আহ্বান জানান। আহ্বান জানান অন্যায়, জুলুম, অবিচার, লোভ-লালসাসহ সব ধরনের পাপ থেকে বিরত থাকতে।এদিকে এবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা উপলক্ষে দুই দিন চাঁদ দেখা কমিটির সভা করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। গত রবি ও সোমবার এই বৈঠক ডাকা হয়।