পবিত্র লাইলাতুল কদর পালিত
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল সোমবার পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। দেশের মুসলিম সম্প্রদায় মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা ও পুণ্য লাভের আশায় নামাজ, জিকির-আজকার, কোরআন তেলাওয়াত ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই মহিমান্বিত রজনী অতিবাহিত করেন। অনেকেই আত্মীয়স্বজনের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গতকাল ‘লাইলাতুল কদরের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। বিশেষ মোনাজাতে জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে দোয়া প্রর্থনা করেন। এ ছাড়া গতকাল তারাবির নামাজের পর মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। লাইলাতুল কদর উপলক্ষে আগেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। গতকাল জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর সবাইক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।