বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম পাপমুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে গতকাল বৃহস্পতিবার পবিত্র হজ পালন করেছেন। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হজ। গতকাল সূর্যোদয়ের পর মিনা থেকে লাখ লাখ হাজি রওনা হন আরাফাতের ময়দানে। লাখো কণ্ঠে ধ্বনিত হয়, ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক...।’ অর্থাৎ, ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই...।’ মক্কা নগর থেকে ১৫ কিলোমিটার দূরে এই আরাফাত ময়দানের অবস্থান। এখানেই সম্পন্ন হয় হজের মূল আনুষ্ঠানিকতা।হাজিদের আরাফাতের ময়দানে নেওয়ার জন্য বিপুলসংখ্যক গাড়ির ব্যবস্থা করে সৌদি কর্তৃপক্ষ। তবে অনেকে হেঁটেই রওনা দেন। এর আগে মঙ্গলবার ফজরের নামাজের পর মক্কা মিনায় হাজিরা সমবেত হন। সেখানে আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় সারা রাত জেগে তাঁরা তাঁবুর মধ্যে ইবাদত-বন্দেগি করেন।সৌদি হজ কমিটির সভাপতি প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ জানান, এবার ১৮৯টি দেশ থেকে ১৭ লাখ ৫২ হাজার ৯৩২ জন মুসলিম হজ পালন করছেন। এর মধ্যে আট লাখ এক হাজার ১২৬ জন নারী। এ ছাড়া আরও প্রায় ১০ লাখ সৌদি নাগরিক হজ পালন করছেন। বাংলাদেশ থেকে হজ পালন করছেন এক লাখ ১১ হাজার ২৭৯ জন। সেলাইবিহীন সাদা দুই খণ্ড বস্ত্র (ইহরাম) পরিধান করে হাজিরা গতকাল যতই আরাফাতের নিকটবর্তী হচ্ছিলেন, ততই তাঁরা ভাবাবেগে উদ্বেলিত হয়ে উঠছিলেন। তাঁদের মানসপটে ভেসে উঠছিল সেই প্রায় দেড় হাজার বছর আগের আরাফাতের ময়দানে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিদায় হজের ভাষণের চিত্র।আরাফাতের ময়দানে হাজিরা কেউ তাঁবু টানিয়ে, কেউ খোলা আকাশের নিচে মাথায় ছাতা ধরে দেশ-জাতি-বর্ণনির্বিশেষে এক কাতারে অবস্থান নেন। কানায় কানায় পূর্ণ আরাফাত ময়দান হয়ে ওঠে বিশ্ব মুসলিমের মহামিলন ও সৌভ্রাতৃত্বের কেন্দ্রস্থল। হজের তিনটি ফরজের মধ্যে আরাফাতে অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে অবস্থান করা ছাড়া হজ পরিপূর্ণ হয় না।হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল সকাল থেকে সারা দিন আরাফাত ময়দানের ওপর হেলিকপ্টার টহল দেয়। নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র করতে সৌদি কর্তৃপক্ষ হাজার হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করে। জরুরি স্বাস্থ্যসেবার জন্য ৪৬টি হাসপাতাল, ক্লিনিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়। মসজিদে নামিরাহ ও জাবালে রহমতের আশপাশে রাখা ছিল পর্যাপ্ত অ্যাম্বুলেন্স।হাজিদের যাওয়ার সুবিধার্থে আরাফাতের ময়দানে সৌদি আরব সরকার একাধিক রাস্তা তৈরি করেছে। প্রচণ্ড তাপ থেকে হাজিদের রক্ষার জন্য আরাফাত ময়দানে টানানো হয় হাজার হাজার তাঁবু। এ ছাড়া ময়দানজুড়ে রয়েছে প্রচুর নিমগাছ। নিমগাছগুলোর ছায়া হাজিদের প্রশান্তি এনে দেয়। মক্কাপ্রবাসী মাকসুদ সেলিম জানান, বাংলাদেশ থেকে নিমের চারা এনে এগুলো লাগানো হয়েছে। মরুভূমিতে এ নিমগাছে পানি দেওয়ার কাজ করেন বাংলাদেশি শ্রমিকেরা।গতকাল দুপুরে বাংলাদেশ টেলিভিশনে হজের খুতবা সরাসরি সম্প্রচার করা হয়। টেলিভিশনের পর্দায় আমরা যে মসজিদটি দেখতে পাই, সেটি মসজিদে নামিরাহ। হজের খুতবা এ মসজিদ থেকেই দেওয়া হয়। হজের অন্যতম অংশ হিসেবে এদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ আবদুল আজিজ আল শাইখ মসজিদে নামিরাহ থেকে খুতবা দেন। খুতবায় মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। খুতবা শেষে হাজিরা আরাফাতের ময়দানে জোহর ও আসরের নামাজ আদায় করেন। বয়ান শুনে সূর্যাস্তের পর তাঁরা মিনার পথে পাঁচ কিলোমিটার পাড়ি দিয়ে বালু ও কঙ্করময় মুজদালিফা উপত্যকায় যান। তাঁরা মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ আদায় করেন। পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার করে তাঁরা সেখানে রাত কাটান। এখান থেকে তাঁরা শয়তানের প্রতিকৃতিতে নিক্ষেপের জন্য ৭০টি ছোট আকারের পাথর সংগ্রহ করেন।মুজদালিফায় আজ ভোরে ফজরের নামাজ আদায় করে হাজিরা কেউ গাড়িতে, কেউ হেঁটে মিনায় যাবেন। মিনায় বড় শয়তানকে সাতটি পাথর মারার পর তাঁরা পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে বা ন্যাড়া করে গোসল করবেন। সেলাইবিহীন দুই টুকরা কাপড় বদল করবেন। এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন। কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়া পাহাড়ে ‘সাঈ’ (সাতবার দৌড়াবেন) করবেন। সেখান থেকে তাঁরা আবার মিনায় ফিরবেন। সেখানে আরও দুই দিন অবস্থান করে হজের অন্য আনুষঙ্গিক কাজ শেষ করবেন। মিনার কাজ শেষে মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর যাঁরা মদিনা যাননি, তাঁরা মদিনা যাবেন। যাঁরা আগে মদিনায় গেছেন, তাঁরা রওনা হবেন নিজ নিজ দেশের পথে। এদিকে গতকাল হাজিরা যখন আরাফাতে ইবাদতে ব্যস্ত তখন মক্কায় কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয়। ৯ জিলহজ হজের দিন কাবা শরিফের গায়ে পরানো হয় নতুন গিলাফ। প্রতিবছর এ দিনে কাবার গিলাফ (কিসওয়া) পরিবর্তন করেন কিসওয়া কারখানার ৩০ জন কর্মী। হাজিরা আরাফাত থেকে ফিরে এসে কাবা শরিফের গায়ে নতুন গিলাফ দেখতে পান। নতুন গিলাফ পরানোর সময় পুরোনো গিলাফটি সরিয়ে ফেলা হয়। পরে পুরোনো গিলাফটি কেটে মুসলিম দেশের সরকারপ্রধানদের উপহার দেওয়া হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরও কাবা শরিফের গিলাফের অংশ টানানো আছে।হজের দিন আরাফাতে জাবালে রহমত পাহাড়কে দূর থেকে ‘সাদা’ মনে হয়। হাজিরা সাদা ইহরাম পরে ওই পাহাড়ে ওঠেন ও ইবাদত করেন। তাই দূর থেকে পাহাড়টিকে সাদা পাহাড় মনে হয়। জাবালে রহমত মানে রহমতের পাহাড়। এ পাহাড়ে রয়েছে একটি বড় উঁচু পিলার। একে কেউ কেউ দোয়ার পাহাড়ও বলেন। উঁচু পিলারের কাছে যেতে পাহাড়ে রয়েছে সিঁড়ি। জনশ্রুতি আছে যে হজরত আদম (আ.) ও বিবি হাওয়া (আ.) দীর্ঘদিন কান্নাকাটির পর এখানেই এসে মিলিত হয়েছিলেন। হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের দিন এ পাহাড়ের কাছে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।বাংলাদেশি হাজিদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ১ নভেম্বর। এবার পবিত্র হজ পালন করতে এসে এ পর্যন্ত স্বাভাবিক কারণে ৬০ জন বাংলাদেশি মারা গেছেন। প্রতিদিন হাজিদের ছবি, মৃত হাজির তালিকা ও বুলেটিনে তথ্য হালনাগাদ করা হয় www.hajj.gov.bd. এ ঠিকানায়।