পবিত্র হজ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান পাপমুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে গতকাল সোমবার পবিত্র হজ পালন করেছেন। ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজ। আরাফাতের ময়দানে লাখ লাখ হাজির কণ্ঠে ধ্বনিত হয়, ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুল্ক।’ অর্থাৎ, ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’ মক্কা নগর থেকে ১৫ কিলোমিটার দূরে এই আরাফাত ময়দানের অবস্থান।সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়িফ বিন আবদুল আজিজ জানান, এবার বিদেশ থেকে রেকর্ডসংখ্যক ১৮ লাখের বেশি এবং স্থানীয় ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলো থেকে আরও দুই লাখ হাজি এসেছেন।গতকাল সূর্যোদয়ের পর লাখ লাখ হাজি মিনা থেকে রওনা হন আরাফাতের ময়দানের দিকে। সৌদি কর্তৃপক্ষ হাজিদের আরাফাতের ময়দানে নেওয়ার জন্য বিপুলসংখ্যক গাড়ির ব্যবস্থা করে। তবে অনেকে হেঁটেই রওনা দেন। এর আগে গত রোববার ফজরের নামাজের পর মক্কার অদূরে মিনায় লাখ লাখ হাজি সমবেত হন। সারা রাত তাঁরা মিনায় তাঁবুর মধ্যে ইবাদত-বন্দেগি করেন।সেলাইবিহীন সাদা দুই খণ্ড বস্ত্র (ইহরাম) পরিধান করা লাখো হাজির স্রোত গতকাল যতই আরাফাতের নিকটবর্তী হচ্ছিল, ততই তাঁরা ভাবাবেগে উদ্বেলিত হয়ে উঠছিলেন। তাঁদের মানসপটে ভেসে ওঠে ১৪০০ বছর আগে আরাফাতের ময়দানে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিদায় ভাষণের সেই চিত্র।আরাফাতের ময়দানে হাজিদের কেউ তাঁবু টানিয়ে, কেউবা খোলা আকাশের নিচে মাথায় ছাতা ধরে দেশ, জাতি, বর্ণনির্বিশেষে এক কাতারে অবস্থান করেন।গতকাল দুপুরে বাংলাদেশ টেলিভিশনে হজের খুতবা সরাসরি সম্প্রচার করা হয়। টেলিভিশনের কল্যাণে আমরা যে মসজিদটি পর্দায় দেখতে পাই, সেটি মসজিদে নামিরা। হজের খুতবা এ মসজিদ থেকে দেওয়া হয়। হজের অন্যতম অংশ হিসেবে এদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন। সৌদি আরবের প্রধান মুফতি আবদুল আজিজ আল শাইখ মসজিদে নামিরায় খুতবা দেন। হাজিরা খুতবা শোনেন এবং নামাজ আদায় করে নিজ নিজ তাঁবুতে ফেরেন।হাজিদের যাওয়ার সুবিধার্থে আরাফাতের ময়দানে সৌদি আরব সরকার একাধিক রাস্তা তৈরি করেছে। প্রচণ্ড তাপ থেকে হাজিদের রক্ষার জন্য আরাফাত ময়দানে টানানো হয় হাজার হাজার তাঁবু। পুরো ময়দানে রয়েছে প্রচুর নিমগাছ। এ ছাড়া ছিটানো হয় প্রচুর পানি। নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র করতে হাজার হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ৩০টি হাসপাতাল, অনেক ক্লিনিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুত রাখা হয়। হজের তিনটি ফরজের মধ্যে আরাফাতে অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে অবস্থান করা ছাড়া হজ পরিপূর্ণ হয় না।খুতবা শেষে হাজিরা গতকাল আরাফাতের ময়দানে জোহর ও আসরের নামাজ আদায় করেন। বয়ান শুনে সূর্যাস্তের পর তাঁরা মিনার পথে পাঁচ কিলোমিটার পাড়ি দিয়ে বালু ও কংকরময় মুজদালিফা উপত্যকায় যান। তাঁরা মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ আদায় করেন। পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার করে তাঁরা সেখানে রাত কাটান। এখান থেকে তাঁরা ৭০টি ছোট আকারের পাথর সংগ্রহ করে সূর্যোদয়ের পর আজ মঙ্গলবার মিনার তাঁবুতে ফিরে যাবেন। সেখানে তাঁরা অবস্থান করে শয়তানের তিনটি প্রতীকী প্রতিকৃতিতে পাথর মারবেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজরত ইব্রাহিম (আ.)-এর নিজ সন্তানকে কোরবানি দেওয়ার ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে যাঁর যাঁর সাধ্যমতো পশু কোরবানি দেবেন হাজিরা।এরপর হাজিরা মিনা থেকে মক্কায় ফিরে কাবা শরিফ সাতবার তাওয়াফ, জমজম কূপের পানি পান, সাফা-মারওয়া পাহাড় সাতবার প্রদক্ষিণ করে মাথার চুল ছেঁটে বা মাথা মুড়িয়ে হজের অত্যাবশ্যকীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। মিনার কাজ শেষে মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর যাঁরা মদিনায় যাননি, তাঁরা সেখানে যাবেন।হজের দিন জাবালে রহমত বা রহমতের পাহাড়ে সাদা ইহরাম পরা হাজিরা উঠে ইবাদত করেন। এই পাহাড়ে একটি উঁচু পিলার আছে। উঁচু পিলারের কাছে যাওয়ার জন্য পাহাড়ে সিঁড়ি করা আছে।এ বছর বাংলাদেশ থেকে ৯৩ হাজারের বেশি মানুষ পবিত্র হজ পালন করতে সৌদি আরবে এসেছেন।