পয়লা বৈশাখে বিকেল পাঁচটার মধ্যে রমনা ছাড়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবরণ উৎসব শেষে এবারের পয়লা বৈশাখে বিকেল পাঁচটার মধ্যে রমনা পার্ক এবং সন্ধ্যা সাতটার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান ত্যাগ করার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ দুপুরে পয়লা বৈশাখ উপলক্ষে পুলিশের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবহিত করতে ডিএমপির তথ্যকেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ এ কথা বলেন। তবে তিনি জানান, নিরাপত্তার জন্য পুলিশ সর্বাত্মক সতর্কাবস্থায় থাকবে। নগরের প্রতিটি স্থানে নববর্ষ উদযাপন অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে এবং ২২টি স্থানে তল্লাশি চৌকি বসানো হবে। পাশাপাশি যান চলাচল নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।ডিএমপি কমিশনার বর্ষবরণের অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, সন্দেহজনক অস্ত্র, ছুরি, কাঁচি, পটকা, ব্লেড, দেশলাই এমনকি নেইল কাটার জাতীয় বস্তু বহন না করার পরামর্শ দেন। এ ছাড়া হকারদের ওই দিন ভোর চারটার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিকে রমনা উদ্যানে অরুণোদয়, রমনা রেস্তোরাঁ, অস্তাচল (শিশুপার্ক) ও নতুন গেট (বৈশাখী অস্তাচলের মাঝে) দিয়ে ঢুকতে বলা হয়েছে। বের হওয়ার জন্য উত্তরায়ণ (থাই ক্রসিং) ও বৈশাখী গেট এবং শ্যামলীমা (কাকরাইল মসজিদ) ও স্টার গেইট (মত্স্য ভবন) ব্যবহার করতে হবে। একইভাবে সোহরাওয়ার্দী উদ্যানে যেতে হলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন গেট, টিএসসি গেট ও তিন নেতার মাজার এবং চারুকলার বিপরীতে শিশু পার্ক গেট ও কালী মন্দির গেট দিয়ে বের হতে হবে বলে জানানো হয়। কোনো ধরনের সমস্যা হলে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩-৩৯৮৩১১, ০১৭১৩-৩৭৩১১৯ বা ডিএমপি ফোন নম্বর-৯৯৯ এবং রমনা পার্ক নিয়ন্ত্রণকক্ষে ২৫৩৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তা ছাড়া পাশের রমনা, শাহবাগ ও ধানমন্ডি থানায় যোগাযোগের পরামর্শ দেন ডিএমপি কমিশনার।