পরকীয়ার ঘটনায় স্বামী ও ভাইয়ের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বারইপাড়া গ্রামে এক গৃহবধূর পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর স্বামী ও ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা ও অপমৃত্যুর দুটি মামলা হয়েছে। পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।বাগাতিপাড়া থানার পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, বারইপাড়া গ্রামের সামশুল ইসলাম গত ২৪ ডিসেম্বর একই গ্রামে মামাতো বোনের বাড়িতে যান। তিনি বোনকে একই গ্রামের শুকুর আলীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় বোনের স্বামী দুলাল হোসেন বাড়িতে ছিলেন না। মামাতো বোন ও শুকুরকে শাসিয়ে দেন সামশুল। তবে বোন ওই ঘটনা কাউকে না জানাতে সামশুলকে অনুরোধ করেন। ২৬ ডিসেম্বর সামশুল নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। ২ জানুয়ারি (রোববার) সকালে ওই বোনের বাড়িসংলগ্ন বড়াল নদে সামশুলের লাশ পাওয়া যায়। ১৩টি ইট বেঁধে মৃতদেহটি পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় সামশুলের বড় ভাই সিদ্দিকুর রহমান বাদী হয়ে ওই বোন ও শুকুরকে আসামি করে বাগাতিপাড়া থানায় হত্যা মামলা করেন। এই মামলায় বাগাতিপাড়া থানার পুলিশ রোববার সন্ধ্যায় গৃহবধূকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। শুকুর পলাতক। গৃহবধূ থানায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে সোমবার বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে তাঁর স্বামী দুলাল হোসেনকেও পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাতে তাঁকে স্থানীয় এক ঠিকাদারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গতকাল সকালে দুলালকে নিজ শয়নকক্ষে ফাঁস লাগানো অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ দুলালের ফাঁস লাগানো লাশ উদ্ধার করে। পরে নাটোর সদর হাসপাতাল মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত হয়।গ্রেপ্তার হওয়া গৃহবধূকে গতকাল দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নাটোরের বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।কারাগারে পাঠানোর আগে ওই গৃহবধূ সাংবাদিকদের বলেন, ‘আমি সামশুলকে খুন করিনি। অথচ খুনের অপরাধ স্বীকার করার জন্য পুলিশ আমাকে বেদম মারধর করেছে। পুলিশের নির্যাতনে আমার স্বামীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, একটি অসামাজিক ঘটনাকে ধামাচাপা দিতে ওই নারী তাঁর সহযোগীদের নিয়ে সামশুলকে হত্যা করেছেন বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে তাঁর স্বামী দুলাল হোসেনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। স্ত্রী অপরাধ করেছে বলে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারও করেন। স্ত্রীর অপকর্মে অপমান বোধ করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। দুলালের লাশের ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ গৃহবধূকে বা তাঁর স্বামীকে মারধর করেনি বলেও ওসি দাবি করেন।নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, দুলালকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়ে পুলিশ ভুল করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।