পরকীয়ায় জড়িয়ে দল থেকে বহিষ্কার প্রচন্ডের ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবাহিত হওয়ার পরেও পরকীয়া প্রেমের সম্পর্কে জড়ানোর জের ধরে নেপালের ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক একীভূত নেপাল কমিউনিস্ট পার্টির (ইউএনসিপি) সভাপতি পুষ্পকমল দাহাল প্রচন্ডের ছেলে প্রকাশ দাহালকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নয়া জাতীয় কমিটির পদ থেকেও তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পিটিআইয়ের এক খবরে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।নেপালের বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশ দাহালের সঙ্গে বীণা মাগারের গোপন প্রেমের খবর প্রকাশ হলে, দেশজুড়ে বিপুল কৌতূহলের জন্ম দেয়। বীণা ফ্রি স্টুডেন্টস ইউনিয়ন অব সরস্বতী ক্যাম্পাসের সভাপতি এবং অল নেপাল ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্টস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য। এ নিয়ে দলটির ভেতরেও তীব্র প্রতিক্রিয়া হয়। ইউএনসিপির মুখপাত্র দিননাথ শর্মা প্রতিবেদকদের বলেন, গতকাল সোমবার পার্টির পলিটব্যুরোর সভায় প্রকাশের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হলে নিরপেক্ষ তদন্তের স্বার্থে পার্টিতে তাঁর সাধারণ সদস্য পদও স্থগিত করা হয়।২৯ বছর বয়সী প্রকাশ দাহাল বছর দুয়েক আগে দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন। তাঁর এক বছর বয়সী একটি ছেলেও আছে। বীণা মাগারও বিবাহিত। গত পাঁচ দিন ধরে দুজনই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। নেপাল নিউজ ডটকমের অন্য একটি খবরে বলা হয়েছে, এভারেস্ট জয় অভিযানে গিয়ে প্রকাশ ও বীণার পরিচয় হয়। সাতজন মাওবাদী তরুণ-তরুণীর একটি দল গত ২৬ মে এভারেস্টের চূড়ায় ওঠে। দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠা ও নতুন সংবিধানের জন্য তাঁরা লুম্বিনি-মাউন্ট এভারেস্ট শান্তি যাত্রা ২০১২ শিরোনামের একটি প্রচারাভিযান চালাচ্ছিলেন।