পরনির্ভরশীলতা কাটিয়ে স্বনির্ভর হতে চাই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশের মানুষ যা কিছু পেয়েছে, তা আওয়ামী লীগের কাছ থেকেই পেয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। এই দলের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে গণতন্ত্র। একইভাবে আওয়ামী লীগ ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলে তিনি জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘পরনির্ভরশীলতা কাটিয়ে আমরা স্বনির্ভর হতে চাই। যে জাতি ভিক্ষার ঝুলি নিয়ে দ্বারে দ্বারে ঘোরে তার মর্যাদা থাকে না।’ তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। আজ বৃহস্পতিবার দলের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ। এ ছাড়া বক্তব্য দেন মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শহীদ সোহরাওয়ার্দী, শামসুল হক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সাংসদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বাসস।