পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন পপি। গঙ্গাযাত্রা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পপি ২০০৯ সালের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। পুরস্কার নেওয়ার আগে গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে কথা হলো পপির সঙ্গে।পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। কেমন লাগছে?প্রথমবার আমি কারাগার চলচ্চিত্রের জন্য যখন পুরস্কার পাওয়ার খবর শুনলাম, তখন ভীষণ অবাক হয়েছিলাম। শুরুতে তো বিশ্বাসই হয়নি। দ্বিতীয়বার মেঘের কোলে রোদ ছবির জন্য পুরস্কার পেয়ে মনে হয়েছে আমি স্বপ্ন দেখছি। এবার গঙ্গাযাত্রার জন্য পুরস্কার পাব—একবারও ভাবিনি। কারণ, পরপর তিনবার আমি এত বড় জাতীয় সম্মান পাব!—এটা ছিল আমার কল্পনারও অতীত। আমার আজকের আনন্দ বলে বোঝাতে পারব না। একটু পর অনুষ্ঠানে যাব। মনের মধ্যে কেমন যেন অস্থিরতা কাজ করছে, রাতে ঘুমোতেই পারিনি। যেকোনো পুরস্কার কাজের প্রতি উৎসাহ বাড়িয়ে দেয়। আপনি তো তিনবার পেলেন। এখন কী ভাবছেন?ভালো কাজ করার ইচ্ছা তো সব সময়ই আছে। কিন্তু আমাদের এখানে ভালো কাজ করার সুযোগ কম। পুরো ব্যাপারটাই নির্ভর করে পরিচালকের ওপর। তিনিই একজন শিল্পীকে নিয়ে ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পারেন। যদি তাঁরা তেমন কিছু না ভাবেন, এ ক্ষেত্রে আমার কী করার আছে? তার পরও আমি কিন্তু সব সময়ই ভালো চরিত্রের জন্য অপেক্ষা করি।চতুর্থবার কোন ছবি দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার প্রত্যাশা করছেন?পুরস্কার পাওয়ার প্রত্যাশা নিয়ে আমি অভিনয় করি না। আমার কাছে মনে হয় যে কাজটা করছি, তা যেন সততার সঙ্গে মনোযোগ দিয়ে করি। গঙ্গাযাত্রা ছবিতে আমি সুইপারের চরিত্রে অভিনয় করেছি। অনেকগুলো শূকরের সঙ্গে অভিনয় করতে হয়েছে। অভিনয়ের পুরো সময়টা আমি কিন্তু ওই চরিত্রের মধ্যেই থাকার চেষ্টা করেছি। তবে কতটা পেরেছি, তা দর্শকই ভালো বলতে পারবেন। এখনো কাজ করছি, দেখা যাক, সময়ই বলবে।