পরবর্তী কর্মসূচি ঠিক করতে রাতে খালেদার বৈঠক
বিএনপি সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেও এর পরে কী কর্মসূচি নেবে, তা এখনো ঠিক করতে পারেনি তারা। কর্মসূচি ঠিক করতে আজ রোববার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাত সাড়ে আটটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সূত্র জানিয়েছে।সূত্র জানায়, আজকের বৈঠকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং ১৮ দলের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা পার হওয়ার পর কী কর্মসূচি নেওয়া হতে পারে, তা নিয়ে আলোচনা হবে। কাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এই সময়সীমা শেষ হবে। দলীয় সূত্রে জানা গেছে, ৪৮ ঘণ্টা সময়সীমা শেষে অবস্থান, হরতাল, অবরোধ, ঘেরাওয়ের মতো কর্মসূচি আসতে পারে। তবে হেফাজতে ইসলামের আজকের কর্মসূচি ও সরকারের আচরণের ওপর অনেক কিছু নির্ভর করবে। গতকাল মতিঝিলের সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিতে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন বিএনপির চেয়ারপারসন। দাবি না মানলে লাগাতার অবস্থানেরও ইঙ্গিত দেন বিরোধীদলীয় নেতা। গতকাল তিনি বলেন, অনুমতি নিয়ে ‘ধানাইপানাই’ করলে অনুমতির অপেক্ষা করা হবে না। যেখানে পারবে, সেখানেই বিএনপি অবস্থান করবে।দলের একটি সূত্র জানায়, লাগাতার অবস্থানের এ ইঙ্গিত দিলেও আসলে বিএনপি এখনো সে ধরনের কর্মসূচিতে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। তা ছাড়া, এত ‘আগেভাগে’ এ ধরনের কর্মসূচিতে যাওয়ার পক্ষেও নন দলের অনেক নেতা। আজ রাতের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে বৈঠক নিয়ে স্থায়ী কমিটির কোনো সদস্য মুখ খুলতে চাননি।ওই সূত্র জানায়, মূলত দুটি কারণে গতকালের সমাবেশে খালেদা জিয়া সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। বিএনপি মনে করছে, সংলাপের কথা বলে সরকার কালক্ষেপণ করছে এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে চায়। এটি একটি ফাঁদ। আসলে সংলাপের বিষয়ে সরকার আন্তরিক নয়। সরকারের এ ফাঁদে পা না দিয়ে উল্টো সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায় তারা। আরেকটি হলো, বিএনপি প্রমাণ করতে চায় যে সরকার সংলাপের বিষয়ে আন্তরিক নয়। তারা জনগণের সামনে তুলে ধরতে চায়, সরকার আন্তরিক হলে দুই দিনের মধ্যেই একটি ঘোষণা বা আনুষ্ঠানিক প্রস্তাব সরকারের কাছ থেকে আসত।