পরম বন্ধুত্ব, করুণ সমাপ্তি
একসঙ্গে বেড়ে ওঠা, তারপর দীর্ঘ পথচলা। সে পথ শেষও হলো একসঙ্গে, পাশাপাশি বসে। বৈশাখী পরিবহনের ডুবে যাওয়া বাস থেকে গতকাল মঙ্গলবার বিকেলে প্রায় একই সঙ্গে উদ্ধার করা হয় দুই বাল্যবন্ধু আনোয়ার হোসেন (৬০) ও প্রশান্ত ভৌমিকের (৫৯) মরদেহ।স্বজনেরা জানান, আনোয়ার ও প্রশান্তের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদরের হাটগোপালপুরে। একই সঙ্গে বড় হয়েছেন, পড়াশোনা করেছেন। জীবনের স্রোতে ভেসে আনোয়ার চলে আসেন ঢাকায় আর প্রশান্ত রয়ে যান গ্রামে। কিন্তু বন্ধুত্বে ফাটল ধরেনি। ঢাকায় এলে সব সময় আনোয়ারের বাসাতেই উঠতেন প্রশান্ত।প্রশান্তর ছেলে প্রণয় ভৌমিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র। শুক্রবার ছেলেকে দেখতে ঢাকায় আসেন প্রশান্ত। এসে বরাবরের মতোই বন্ধু আনোয়ারের মগবাজারের ৩৭২/১ মধুবাগের বাসায় ওঠেন। ছেলের খোঁজখবর নিয়ে রোববার সকালে দুই বন্ধু মিলে সাভারে আনোয়ারের ব্যবসা দেখতে রওনা হন। পথে ঘটে এই দুর্ঘটনা।প্রশান্ত ভৌমিকের শ্যালক অমল বসু আর আনোয়ার হোসেনের ছোট ভাই শাহীনুর হোসেন গতকাল তাঁদের দুজনের লাশ শনাক্ত করেন। তাঁরাই প্রথম আলোকে প্রশান্ত আর আনোয়ারের বন্ধুত্বের গল্প বলেন।খোরশেদের লাইসেন্স: একটি পোশাক কারখানার মাইক্রোবাসের চালকের সহকারী সাভারের বাসিন্দা খোরশেদ আলমের (৩৫) লাশ উদ্ধার হয় গতকাল সকালে। তাঁর পকেটে পাওয়া যায় একটি ড্রাইভিং লাইসেন্স। এই লাইসেন্স নিতেই রোববার ঢাকায় এসেছিলেন খোরশেদ।একই কারখানায় কাজ করেন খোরশেদের স্ত্রী জোছনা বেগম। জোছনা জানান, খোরশেদ কারখানার মাইক্রোবাসের চালকের সহকারী হিসেবে কাজ করতেন। তিনি গাড়ি চালানো শিখে দীর্ঘদিন থেকে ড্রাইভিং লাইসেন্স জোগাড়ের চেষ্টা করছিলেন। কারখানা কর্তৃপক্ষ তাঁকে আশ্বাস দিয়েছিল, লাইসেন্স পেলে তাঁকে চালক হিসেবে নিয়োগ দেওয়া হবে। সেই লাইসেন্স পেতেই দৌড়ঝাঁপ করছিলেন খোরশেদ। শেষ পর্যন্ত পেয়েও ছিলেন। তবে লাইসেন্স পকেটে নিয়ে গাড়ির স্টিয়ারিং ধরা হলো না খোরশেদের।চোখের জলও শুকিয়ে গেছে: ফুলে-ফেঁপে ওঠা বিকৃত চেহারার হাত-পা শক্ত লাশগুলো দেখে পাথরের মতো শক্ত-নির্বাক হয়ে গিয়েছিলেন স্বজনেরা। তিন দিন ধরে অপেক্ষায় থাকার পর তাদের চোখে আর কোনো জল অবশিষ্ট ছিল না। নির্মম বাস্তবতায় বুকে জড়িয়ে প্রিয়জনকে শেষ ভালোবাসাটুকুও জানাতে পারেননি তাঁরা। শুধু নাকে রুমাল চেপে লাশ শনাক্তের পর কাগজপত্র সই করে লাশ বুঝে নিয়েছেন তাঁরা।তিন দিন ধরেই ছোট ভাইয়ের অপেক্ষায় তুরাগপাড়ে কাটিয়েছেন তুহিন সুলতানা। শঙ্কা আর বেদনার কালো ছায়ায় মলিন মুখ। গতকাল সকালে যখন ছোট ভাই আরিফুল ইসলামের (২৩) লাশ উদ্ধার করে আনা হলো, তখন আর প্রিয় ভাইয়ের বুকে আছড়ে পড়ে শেষ ভালোবাসা জানানোর কোনো সুযোগ নেই। নির্বাক কান্নায় নিয়ম রক্ষা করে লাশ বুঝে নিয়ে যান তিনি।একই অবস্থা দুর্ঘটনায় নিহত এফডিসির কর্মী ওমর ফারুকের (৫০) ছেলে কাউসারেরও। সকাল সোয়া সাতটার দিকে যখন লাশ উদ্ধার হয়, তখন কাউসার তুরাগতীরেই ছিলেন। ছুটে এসে লাশ শনাক্ত করেন। পাগলের মতো হাত-পা ছুড়তে থাকেন বাবার কাছে যাওয়ার জন্য। অন্যরা তাঁকে আটকে রাখেন।